সাংবাদিক ও তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা
মা-বাবা হত্যার অধিকতর তদন্তের দাবি জানাল মেয়ে
সাংবাদিক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানমের হত্যা মামলাটি অধিকতর তদন্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তাঁদের একমাত্র সন্তান আইরিন পারভীন খান। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। গত ২৩ জুলাই আইরিন ইতালি থেকে দেশে ফেরেন। আইরিন এ মামলার তদন্তে নিয়োজিত ডিবি পুলিশের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তিনি মনে করেন, এ ঘটনায় ডিবি দুজনকে শনাক্ত করলেও আরও অনেকেই জড়িত ছিল। এ হত্যাকাণ্ডের জন্য তিনি তাঁর ছোট ফুপু নাজনীন জামান ইতির পরিবারকে সন্দেহ করছেন।উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি পল্টন থানা-পুলিশ ৭৭ নয়াপল্টনের ভাড়া বাসার তালা ভেগে দৈনিক জনতার জ্যেষ্ঠ সহসম্পাদক ফরহাদ খাঁ ও তাঁর স্ত্রী রহিমা খানমের গলাকাটা লাশ উদ্ধার করে। ঘটনার তিন দিন পর পুলিশ ফরহাদ খাঁর ভাগনে আবু জায়েদ রাজুকে আটক করে। তাঁর জবানবন্দির ভিত্তিতে আরেক ভাগনে নাজিমুদ্দিন ইয়নকে গ্রেপ্তার করা হয়। পরে ইয়নের জবানবন্দি অনুযায়ী ভাড়াটে খুনি অসীন রাজুকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ইয়ন ও অসীন রাজু অপরাধ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জায়েদ রাজুকে আটক করলেও রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে অসীন রাজু ও ইয়ন কারাগারে আছে। সম্মেলনে আইরিন পারভীন অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবুল খায়ের মাতবর রাজুকে ছেড়ে দিয়ে দুজনকে খুনি হিসেবে শনাক্ত করে এ ঘটনায় আর কেউ জড়িত নেই বলে তদন্ত শেষ করতে চাচ্ছেন। তাঁর ছোট চাচা আবুল কালাম হত্যাকারীদের রক্ষা করতে চাচ্ছেন। তিনি এ ঘটনায় ন্যায়বিচার পাবেন না বলে শঙ্কা প্রকাশ করেন।আইরিন জানান, ইয়ন তাঁদের বাসা থেকে টাকা ও বই চুরি করেছিল। এরপর থেকে ইয়নকে এ বাসায় আসতে না করা হয়। এদিকে তাঁর মা-বাবার ৩১ জানুয়ারি টাঙ্গাইলের গ্রামের বাড়িতে যাওয়ার কথা থাকলেও তাঁর ছোট ফুপু পাঁচদিন আগে তাঁদের বাসায় ইয়ন ও রাজুকে দিয়ে চাল পাঠিয়ে দেন। আইরিন প্রশ্ন রাখেন ইয়নকে কেন এ বাসায় পাঠানো হলো? এদিকে তাঁর বাবার ইতালিতে স্থায়ীভাবে চলে যাওয়ার পরিকল্পনা ছিল। তাই ইতালিতে পাঠানোর জন্য বাসায় পাঁচ লাখ টাকা ছিল। ইয়ন ওই টাকা লুট করার জন্য তাঁদের হত্যা করে বলে দাবি করেন তিনি। এদিকে মামলার বাদী ফরহাদ খাঁর আরেক ছোট ভাই আবদুস সামাদ খানের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিল আবদুস সামাদ খাঁ, নিহতের ভাগনি নূরজাহান বেগম, তাঁর ঘনিষ্ঠজন মহিউদ্দিন আকবর ও ফরহাদ খাঁ স্মৃতি ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম।