বাবা আবদুর রব আর মা রেজিয়া বেগম। তাঁদের ছেলে শাকিব খান, রুপালি পর্দার মস্ত বড় নায়ক। তবে পরিবারের কাছে তাঁর পরিচয় মাসুদ রানা নামে। সংক্ষেপে রানা। সকাল থেকে রাত অবধি শুটিং-ডাবিং নিয়েই ব্যস্ত থাকতে হয় শাকিব খানকে। কিন্তু ছেলে ঘরে না ফেরা পর্যন্ত যেন বাবা-মায়ের চোখে ঘুম আসে না। শাকিব তাঁদের অনেকবার বুঝিয়েছেন। বলেছেন, ‘রাতে খেয়েদেয়ে তোমরা ঘুমিয়ে পড়ো।’ কিন্তু বাবা-মা কি শোনেন সেই কথা! এ কারণেই শাকিব রাতে তাড়াতাড়ি ঘরে ফেরার চেষ্টা করেন।সকালে মা কিংবা বাবা ছাড়া আর কারও অধিকার নেই শাকিবকে ডেকে তোলার। সাতসকালেই অনেক পরিচালক-প্রযোজক বসে থাকেন শাকিবের বাসায়; ছেলেকে তাই ডেকে তোলার দায়িত্বটুকু বাবা অথবা মাকেই পালন করতে হয়। মা ছেলের ঘরে ঢুকে ছেলের কপালে হাত রেখে ঘুম ভাঙান। পর্দায় খলনায়কেরা শাকিব খানকে ভয় পেলেও, পারিবারিক জীবনে শাকিব তাঁর বাবা-মাকে বেশ ভয় পান। বাবা-মা অপছন্দ করেন, তাই তিনি ধূমপান ছেড়েছেন অনেক আগেই। ঘরের ভেতর ধূমপানের গন্ধ সহ্য হয় না বাবা-মায়ের। একদিন শাকিব লক্ষ করলেন, তাঁর ঘরে ঢুকে মা সিগারেটের প্যাকেট দেখতে পেয়ে বেশ চিৎকার-চেঁচামেচি করলেন। পরের দিন থেকে মা আর অভিমান করে ঘরে ঢোকেন না। সেদিনই শাকিব ধূমপানকে গুডবাই জানানোর সিদ্ধান্ত নেন। শেষ কবে ধূমপান করেছিলেন শাকিব আর তা এখন মনে করতে পারেন না।‘পরিবার হচ্ছে এমন একটি মায়া, যার জন্য আমি চাইলেই ভুল কোনো কাজ করতে পারব না। আমি যে এখন নিয়ন্ত্রিত জীবন যাপন করি, তার পেছনে আমার পরিবারের অবদান সবচেয়ে বেশি।’ বলেন শাকিব।মাঝে শাকিব খান ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। দেশের বাইরে নিয়েও চিকিৎসা করাতে হয়েছে। তাই এখন মায়ের কড়া নির্দেশ, কোনো অবস্থাতেই শাকিবের আর বাইরের খাবার খাওয়া যাবে না। দেশের শুটিংয়ে মা নিজ হাতে রান্না করে খাবার পাঠান। যে কারণে বাবা প্রতিদিন সকালে বাজার করেন। বাজারের তালিকায় থাকে কয়েক ধরনের শাক, ছোট মাছ, দেশি মুরগি। মায়ের হাতে নিয়মিত খাবার খাওয়ার কারণে দেশের বাইরে কাজ থাকলে খাবার খেয়ে শাকিব আর তৃপ্তি পান না। ‘মায়ের হাতের রান্নার কথা খুব বেশি মনে পড়ে।’ বললেন তিনি।সিনেমার বাইরে শাকিবের যত চিন্তা বাবা-মাকে নিয়ে। তাঁদের ঠিকমতো সময় দিতে পারছেন তো? এ ভাবনা থেকেই কয়েক মাস ধরে শুটিং স্পটে বাবা-মাকে সঙ্গে নিয়ে যান। দুপুরে একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। ‘আমার সঙ্গে শুটিংয়ে এলে আমি আব্বা-আম্মাকে খুবই খুশি দেখি। নিজেকে তখন খুবই সুখী মানুষ মনে হয়।’শাকিবের ওপর তাঁর মায়ের বেশ অভিমান রয়েছে। ছেলেকে বউ নিয়ে আসতে বলেন। কিন্তু শাকিব বারবার এড়িয়ে যান। খবরের কাগজে ছেলেকে নিয়ে নানা গুজব ওঠে। মার মন খারাপ হয়। তার পরও ছেলের ওপর তাঁর বিশ্বাস রয়েছে, ছেলে এমন কাউকে বউ করে ঘরে আনবে যে হবে ঘরের লক্ষ্মী। ‘মা এ নিয়ে অনেক চিন্তা করেন। আমি মাকে বলি, আর কয়েকটা দিন যাক। বাড়িটা তৈরি হোক। এই বলে মাকে শান্ত রাখি। মায়ের ইচ্ছা, ঘরে বউ আসবে, নাতি-নাতনি হবে। তাদের সঙ্গে সময় কাটাবেন। আমি জানি, আমাকে মায়ের এ ইচ্ছা পূরণ করতে হবে। মা-বাবাকে খুশি রাখতে পারলেই আমার আর কিছু চাই না।’