মা-মেয়েকে পাথর ছুড়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৈতিক স্খলন ও ব্যভিচারের অভিযোগ এনে এক বিধবা মা ও তাঁর মেয়েকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। আফগানিস্তানের গজনী প্রদেশে একদল সশস্ত্র ব্যক্তি গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।বিবিসির খবরে বলা হয়, বিধবা ওই মা তাঁর মেয়েকে নিয়ে গজনী শহরের খাওজা হাকিম এলাকায় থাকতেন। ব্যভিচারের অভিযোগ এনে তালেবান জঙ্গিরা তাঁদের হত্যা করে বলে প্রশাসন দাবি করেছে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, সশস্ত্র ব্যক্তিরা ওই বিধবার ঘরে ঢুকে তাঁকে ও তাঁর মেয়েকে বাইরে বের করে এনে পাথর ছুড়ে হত্যা করে। এ সময় প্রতিবেশীদের কেউ তাঁদের সাহায্য করতে এগিয়ে যায়নি কিংবা পুলিশেও খবর দেয়নি।আফগানিস্তানের গজনী প্রদেশটি তালেবান জঙ্গিদের শক্ত ঘাঁটি। এ শহরে বেশ কয়েকজন ধর্মীয় নেতা আছেন, যাঁরা ব্যভিচারের বিষয়ে ফতোয়া দেন। এখানকার বিয়ে বাড়িতে প্রকাশ্যে নারী-পুরুষের আনন্দ করার ওপর নিষেধাজ্ঞা আছে। এখানে এঁদের দাপট এতই বেশি যে প্রদেশের ১৮টি জেলার মধ্যে মাত্র সাতটি আফগান সরকারের নিয়ন্ত্রণে, বাকিগুলোর নিয়ন্ত্রণ তালেবান জঙ্গিদের হাতে।