মা-মেয়ে দুজনেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই দিনটি জীবনের সবচেয়ে স্মরণীয় দিন জিশান আরা আরাফুন্নেছার কাছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ৪৬তম সমাবর্তন অনুষ্ঠানে নিজের পিএইচডি (জনপ্রশাসন) ডিগ্রির সঙ্গে একমাত্র সন্তান তাসনুভা হুমায়রা পেয়েছেন এমবিবিএস ডিগ্রি। আরাফুন্নেছা বলেন, ‘মা-মেয়ে হিসেবে সমাবর্তনে এবার শুধু আমরাই ছিলাম। দুজনই একসঙ্গে সমাবর্তনে গাউন পরে গিয়েছিলাম। এত আনন্দ জীবনে কম পেয়েছি।’ প্রথম প্রথম মহিলা ম্যাজিস্ট্রেট হিসেবে ফৌজদারি আদালত পরিচালনা কোর্টে যখন বসতেন জিশান আরা আরাফুন্নেছা সেটা আরেক অভিজ্ঞতা, ‘প্রথম দিকে তো কোর্টে বসলে সবাই ইতস্তত বোধ করত। আমাকে কী বলে সম্বোধন করবে তা নিয়ে। সবকিছুতেই প্রতিবন্ধকতা থাকে। এসব পেছনে ফেলেই সামনে এগিয়ে যেতে হয়। আমি পারব—এই মনোবল যেকোনো মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখায়’ বলেন আরাফুন্নেছা।আর নারীদের সামনে এগিয়ে যেতে পরিবারের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। নিজেও সব সময় স্বামী ও বাবার কাছ থেকে সমর্থন পেয়েছেন। খুলনা করোনেশন স্কুল থেকে এসএসসির পর খুলনা গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন ১৯৭৫ সালে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন রাষ্ট্রবিজ্ঞানে। সম্মান ও স্নাতক শেষে ১৯৮২ সালেই বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পরীক্ষা দেন। বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে শুরু করেন কর্মজীবন। কাজ করেছেন মাঠ প্রশাসন, সচিবালয়, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আদালত পরিচালনাসহ নানা স্থানে। বর্তমানে ভূমি সংস্থান বোর্ডে জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। স্বামী শেখ আবদুর রশীদও সরকারি কর্মকর্তা। সংসার ও কাজ একই সঙ্গে সামলে এগিয়ে চলেছেন। সন্তানকে নিজের মতো করে গড়ে তুলেছেন। ‘সময় পেলেই আমরা মা-মেয়ে গল্প করি। দুজনের মধ্যে অনেক বন্ধুত্ব। মেয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছে। বর্তমানে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসক হিসেবে কাজ করছে।’মেয়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গেছেন, সনদ পেয়েছেন, বিশেষ গাউন ক্যাপ পরে ছবি তুলেছেন...আর মা গর্বিত হাসি হাসছেন। এমন ঘটনাই ঘটে বেশি। কিন্তু এই মা-মেয়ে দুজনে একসঙ্গে সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে ব্যতিক্রমই হয়েছেন বটে।