মা-মেয়ের সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এগারো ছুঁই ছুঁই। মিষ্টিমাখা লাজুক চেহারা। মনে হয় কিছু জিজ্ঞেস করলেই দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু হাফসা রাবেয়া নেওয়াজ, যাকে বাড়ির সবাই মিদুরী বলেই ডাকে, সেই মিদুরী আর দশটা মেয়ের মতো নয়। ওর লাজুকচেহারার উল্টো দিকে আছে দৃঢ়তার প্রত্যয়, যা আবিষ্কার করা কষ্টসাধ্যই। মিদুরীর এক প্রতিবেশী এসে তো বলেই ফেললেন, এমন মিষ্টি চেহারার একটি মেয়ে কাউকে ধমক দিতে পারবে, এটা ভাবতেই কষ্ট হয়। আর সে কিনা মারামারি করে দু-দুটো পদক নিয়ে এসেছে! বলছিলাম আন্তর্জাতিক গোজ রিও কারাতে দো প্রতিযোগিতায় একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদকজয়ী হাফসা রাবেয়া নেওয়াজের কথা। শুধু হাফসা নয়, এ প্রতিযোগিতায় তার মা শাহনেওয়াজ বেগমও একটি স্বর্ণপদক জিতেছেন। বাংলাদেশের পক্ষে মা-মেয়ের জোড়া সফলতায় ভারতের আয়োজকসহ বিভিন্ন দেশের কলাকুশলীরা অনেক প্রশংসা করেন। তাঁদের এই সাফল্যের কথা শুনে জাপানের এক দম্পতি তাঁদের দেখতে ঢাকায় চলে আসে। শাহনেওয়াজ বেগম বলেন, ‘ছোটবেলা থেকেই আমার ঘরের বাইরের খেলাধুলার প্রতি খুব আকর্ষণ ছিল। সামাজিক প্রতিবন্ধকতার কারণে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যেত। কিন্তু আমি সেই স্বপ্ন জিইয়ে রেখেছিলাম। মনে মনে প্রতিজ্ঞাও করেছিলাম, সুযোগ পেলে একদিন কিছু করে দেখাব। মেয়েকে আত্মরক্ষামূলক কুংফু-কারাতে শেখাব, এ ব্যাপারে আমি দৃঢ়প্রত্যয়ী ছিলাম। মেয়ের বয়স যখন চার, তখন তাকে ঢাকার কয়ো কারাতে দো কাউন্সিলে ভর্তি করাই। তখন মেয়ের জন্য প্রতিদিন গিয়ে বসে থাকতে হতো। সে জন্য নিজেও মেয়ের সঙ্গে ভর্তি হয়ে গেলাম। এভাবেই শুরু হয় আমাদের কুংফু-কারাতের প্রস্তুতি। হঠাত্ একদিন বাংলাদেশ গোজ রিও কারাতে দো প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক খালেদ মনসুর সাহেব জানান, আমরা আন্তর্জাতিক গোজ রিও কারাতে দো ২০১০ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে অল ইন্ডিয়া ওকাইনা গোজ রিও কারাতে দো ফেডারেশন এ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। সেখানে এশিয়ার সাতটি দেশ অংশ নেবে। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, জাপান, ইন্দোনেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ। আমাদের সেইভাবে প্রস্তুতি নিতে হবে। সেই থেকে আমরা দুজনই নিবিড় অনুশীলন শুরু করি। ঢাকা থেকে রওনা দিয়ে কলকাতা শহরে যখন পৌঁছালাম তখন মনে হলো, বাংলাদেশেরই কোনো একটা শহরে আছি আমরা। হাফসা বলেছিল, কলকাতা শহর অনেকটা ঢাকার মতো। কিন্তু যখন ঝাড়খন্ডের জামশেদপুরে পৌঁছালাম, মনে হলো বিদেশে এসেছি। অনেক পরিপাটি একটি শহর। সবকিছু মনে হয় পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। ভারতের বিখ্যাত টাটা নগরেই অনুষ্ঠিত হয়েছিল আমাদের প্রতিযোগিতা। ২১ এপ্রিল রাতে আমাদের দীর্ঘ সময় ধরে অনুশীলন করতে হয়েছে। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সাজ সাজ রব। সাত দেশের খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের পদচারণে মুখরিত টাটা নগর। সকাল আটটা থেকে শুরু হয় প্রতিযোগিতা। প্রথম দিকে শুধু জাপান ও ভারতের খেলোয়াড়দেরই পদক জয়ের ঘোষণা শোনা যাচ্ছিল। এমন সময় ঘোষণা দেওয়া হয়, বাংলাদেশের পক্ষে একটি রৌপ্য পদক জয়ের কথা এবং সেটি হাফসাই পেয়েছে। শুনে আবেগে আপ্লুত হয়ে দৌড়ে গিয়ে হাফসাকে জড়িয়ে ধরি। ৫০ জনেরও বেশি প্রতিযোগীকে হারিয়ে হাফসা রৌপ্য জয় করেছে। কথাটি যেন কোনোভাবেই বিশ্বাস হচ্ছিল না। প্রথম দিন বাংলাদেশের একমাত্র পদক বিজয়ী হাফসাকে নিয়ে সবাই বেশ মাতামাতি করেছিলাম। দ্বিতীয় দিন বিকেলে আমি যখন স্বর্ণপদক জয় করি, তখন আমাদের ক্যাম্পের সবাই উল্লাসে ফেটে পড়ে। তার পর থেকেই বাংলাদেশ ক্যাম্পে শুরু হয় একের পর এক পদক জয়ের ঘোষণা। ১১ জন অংশগ্রহণকারীর মধ্যে ১০ জনই পদক জয় করেন। বাংলাদেশ তিনটি স্বর্ণ, চারটি রৌপ্য, তিনটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে এ তালিকায় তৃতীয় স্থান অর্জন করে। জামশেদপুরের বেশ কিছু খাবার আমাদের খুব ভালো লেগেছে। তার মধ্যে তেজপাতা দিয়ে তৈরি বাটিতে গোলগাপ্পা (পানি ফুচকা), আর পানিপুরির কথা ভোলার নয়। সেখানে আমাদের বেশ যত্নের সঙ্গে দেখভাল করেছিলেন আয়োজকেরা। এখন আমাদের লক্ষ্য, আগামী এশিয়ান গেমসে খেলা। সুযোগ পেলে সেখানেও কিছু করে দেখাতে চাই।’