মা হলেন কার্লা ব্রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের ফার্স্টলেডি কার্লা ব্রুনি গতকাল বুধবার মা হয়েছেন। প্যারিসের একটি ক্লিনিকে তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ব্রুনির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ফ্রান্সের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে বলে বিবিসি অনলাইন জানিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গতকাল দিনের শুরুর দিকে প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ওই ক্লিনিকে ব্রুনিকে দেখতে যান। পরে তিনি জার্মানিতে যাওয়ার উদ্দেশে ক্লিনিক ত্যাগ করেন। তবে কন্যাসন্তানের জন্মের খবর শোনার কয়েক ঘণ্টা পর সারকোজি আবার ওই ক্লিনিকে যান।ফ্রান্সের প্রেসিডেন্ট প্রাসাদ এলিসি প্যালেস থেকে জানানো হয়, ফার্স্টলেডির গর্ভধারণ ও সন্তান জন্মের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। কারণ, এটা তাঁদের ব্যক্তিগত ব্যাপার।প্রেসিডেন্ট সারকোজি ২০০৮ সালে কার্লা ব্রুনিকে বিয়ে করেন। কার্লা ব্রুনির আগের সংসারে একটি ছেলে এবং সারকোজিরও আগের সংসারে তিন ছেলে আছে। সারকোজি-ব্রুনি দম্পতির কন্যাসন্তানের এখনো কোনো নাম রাখা হয়নি।কয়েক দিন আগে কার্লা ব্রুনি এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন, গর্ভধারণ করতে গিয়ে তিনি রীতিমতো বিরক্ত। কারণ, তিনি নেশা করতে পারছেন না। তাই তিনি দ্রুত সন্তান জন্ম দিতে মরিয়া।