মা হলেন নিমতলীর রুনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দল বেঁধে লোকজন আসছে দেখতে। হোক তারা অপরিচিত। প্রধানমন্ত্রীর নাতি হয়েছে বলে কথা। নিমতলীর সেই তিন কন্যার একজন রুনা মা হয়েছেন। ৫ জুন রাত একটার দিকে জন্ম নেয় তার প্রথম সন্তান। ঢাকার আজিমপুরের মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানে চিকিৎসক রওশন হোসেন জাহানের তত্ত্বাবধানে সিজার হয় রুনার। ৬ জুন সকালে হাসপাতালে ঢোকার পর থেকে বুঝতে অসুবিধা হয়নি কোথায় আছেন রুনা ও তাঁর সন্তান। আশপাশের বিভিন্ন ওয়ার্ড আর বাসা থেকেও মানুষ আসছিল রুনার ছেলেকে দেখতে। সেদিন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল ও মিষ্টিসহ আসেন তাঁর এপিএস আইনজীবী সাইদুজ্জামান শেখর। তিনি জানান, প্রধানমন্ত্রী খুব খুশি হয়েছেন খবরটি শুনে। অভিনন্দন জানিয়েছেন সন্তানের মা-বাবাকে। কোনো প্রয়োজন হলে যেন তৎক্ষণাৎ তাঁকে জানানো হয়। রুনার স্বামী জামিল বলেন, ‘এত খুশি আগে কখনো হইনি। একটু পর পর কান্না পাচ্ছে। আনন্দ-বেদনার কান্না। মা-ভাই ও ছোট্ট ভাতিজার কথা বারবার মনে পড়ছে। কত খুশি হতেন তাঁরা ওকে দেখলে। সন্তান হওয়ার আগেই আমি নাম ঠিক করছিলাম। রুনারও পছন্দ হয়েছিল। সেটিই রেখেছি।’ নাতি হওয়ার খবর শুনে রুনার উকিল বাবা হাজি সেলিম নিমতলী ও হাসপাতালের সবার মধ্যে মিষ্টি বিতরণ করেন। রুনার চোখে-মুখে অপার আনন্দ। ‘পৃথিবীর সব কষ্ট ভুলে গেছি ছেলেকে দেখে। এই আনন্দ কাউকে বোঝানো যাবে না। আজ মা থাকলে প্রথম নাতিকে কত কী যে করতেন! সেসব মনে পড়ছে। প্রধানমন্ত্রী মা অবশ্য সেই অভাব পূরণ করছেন। পরিচিত-অপরিচিত সবাই আসছে দেখতে। সবার ভালোবাসা আছে আমাদের প্রতি। রত্না আপা ও আসমা আসছে। এখন শুধু সবার কাছে চাওয়া, আমরা যেন সুস্থ থাকি। আমার ছেলের জন্য দোয়া করবেন।’ পাঠক নিশ্চয় মনে আছে রুনার কথা। ২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীর সেই ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের সদস্যদের হারিয়েছিলেন রুনা। ঘটনাক্রমে সেদিন বেঁচে গিয়েছিলেন দুই বোন রুনা ও রত্না। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মা হিসেবে এই দুই বোন ও আরেক অসহায় মেয়ে আসমার দায়িত্ব নেন। গণভবনে তাঁর তত্ত্বাবধানে এই তিন কন্যার বিয়ের ব্যবস্থা করা হয়।