মাংনাগাড়ী খালের ওপর আজও সেতু হয়নি
বগুড়ার ধুনটের জোড়শিমুল-গজারিয়া রাস্তার মাংনাগাড়ী খালের সেতু আজও নির্মাণ করা হয়নি। অথচ এলাকাবাসী স্বাধীনতার পর থেকেই ওই খালের ওপর সেতু নির্মাণের দাবি করে আসছে। কিন্তু কর্তৃপক্ষ এদিকে নজর না দেওয়ায় ওই রাস্তায় চলাচলকারী লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।ধুনট-সারিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বহমান মাংনাগাড়ী খাল। চিকাশি ইউনিয়নের জোড়শিমুল-গজারিয়া রাস্তার ওই খালের প্রস্থ প্রায় ৫০ মিটার। স্বাধীনতার পরে উপজেলার বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। কিন্তু জোড়শিমুল-গজারিয়া রাস্তা ও খালে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। স্থানীয় লোকজন বাঁশের সাঁকো তৈরি করে জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার হচ্ছে। প্রতি ছয় মাস পরপর নতুন করে বাঁশের সাঁকো তৈরি করতে হয়। এতে লোকজনের প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। কিন্তু বাঁশের সাঁকো তৈরি করতে সরকার কিংবা স্থানীয় প্রতিনিধিরা কোনো সাহায্য-সহযোগিতা করেন না। সেতু নির্মাণে আজও মেলেনি কোনো সরকারি বরাদ্দ। খালের দুই দিকের ৫০ গ্রামের মানুষ যাতায়াত করে। সেতুর পূর্ব পাশে এলাকার প্রসিদ্ধ বাণিজ্যিক স্থান গোসাইবাড়ী ও পশ্চিমে জোড়শিমুল বাজার। ফলে একমাত্র রাস্তার খালের ওপর সেতু না থাকায় মালামাল পরিবহনে সমস্যা হয়। এতে ব্যবসায় লোকসান গুনতে হচ্ছে। তা ছাড়া খালের দুই পাশে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যোগাযোগ সমস্যার কারণে নিয়মিত পাঠশালায় যেতে পারছে না। সুতানারা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র রায়হান জানায়, বড় বৃষ্টি হলে পানি দিয়ে খাল ভরে যায়। তখন বাঁশের সাঁকোটি ডুবে যায়। তখন পানির জন্য পার হতে না পেরে বিদ্যালয়ে যাওয়াই ছেড়ে দেয় তারা। ভ্যানচালক সালাম বলেন, ‘মাংনাগাড়ী খলের ওপর সেতু না থাকায় বাঁশের চরাটের ওপর দিয়ে ভ্যান চালানো যায় না। মালামাল বোঝাই ভ্যান নিয়ে অনেক দূর রাস্তা ঘুইরা বাজারে যাইতে হয়। এতে অনেক সময় বেশি লাইগা যায়।’ জোড়শিমুল গ্রামের বাসিন্দা আবদুুর রাজ্জাক বলেন, ‘মাংনাগাড়ী খালের ওপর সেতু না থাকায় এলাকাবাসীকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্বাধীনতার পর থাইকা খালের ওপর সেতু নির্মাণের দাবি করে আসছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। ভোটের আগে অনেক নেতাই সেতু করে দেওয়ার কথা বলেন। ভোট চইলা গেলে তাঁদের আর কোনো খোঁজ পাওয়া যায় না।’ চিকাশি ইউনিয়নের চেয়ারম্যান শামসুজ্জোহা বলেন, ‘মাংনাগাড়ি খালের সেতু নির্মাণের জন্য এলাকাবাসী অনেক দিন ধরে দাবি করে আসছে। ওই খালে সেতু নির্মাণের জন্য বহুবার উপজেলা সমন্বয় কমিটির সভায় প্রস্তাব করেছি। কিন্তু আজও কোনো বরাদ্দ মেলেনি। ফলে এলাকার হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।’উপজেলা প্রকৌশলী আবদুুর রশিদ বলেন, ‘ওই খালের ওপর সেতু নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কিছুদিনের মধ্যেই বরাদ্দ পেতে পারি। বরাদ্দ পেলেই কাজটি তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব।’