মাংস খাবেন তো, নির্ভেজাল খান
সাধারণত মাংসের বাজারে মেলে দুই রকমের মাংস, গরু ও খাসির। রাতের আঁধারে নগরের জবাইখানার দিকে টেনে নেওয়া মহিষগুলো তবে জবাইয়ের পর যায় কোথায়? আর ছাগলের পালের সঙ্গে থাকা ভেড়ারই বা কী গতি হয়? লাভের পাল্লা ভারী করার জন্যই একশ্রেণীর অসাধু ব্যবসায়ী গরুর কথা বলে মহিষ, খাসির কথা বলে ভেড়ার মাংস গছিয়ে দিচ্ছে। এই অদলবদলের খেলা বন্ধ করার দায়িত্ব যাদের, সেই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নীরব হয়ে আছে। এমনকি জীবাণুমুক্ত মাংস নিশ্চিত করতেও তারা অক্ষমতার পরিচয় দিচ্ছে।ভোজনরসিকেরা কিন্তু ছাড় দিতে নারাজ। তাঁরা গরুর জায়গায় গরু, খাসির জায়গায় খাসির মাংসই খেতে চান। মাংস কেনায় ঠকতে না চাইলে অভিজ্ঞজনের শরণাপন্ন হওয়াই শ্রেয় বলে মত দিয়েছেন ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী। তাঁর অভিমত, যাঁরা বাজার করতে সিদ্ধহস্ত, তাঁরাই জানেন কোথায়, কার কাছে মেলে ভালো মাংস।নগরের কাপ্তানবাজারে যে সবচেয়ে বেশি খাসির মাংসের দোকান আছে, তা চোখ-কান বুজেই বলে দিতে পারবেন ভোজনপ্রিয়রা। সেখানকার বিখ্যাত মাংস ব্যবসায়ী আবার লাট মিয়া। তাঁর দোকানে ক্রেতার অভাব হয় না। নগরের অভিজাত অনেক রেস্তোরাঁও লাট মিয়ার দোকান থেকে খাসির মাংস কিনে নেয়। কারওয়ান বাজারেও বেশ কিছু খাসির মাংসের দোকান আছে। এখানকার জালাল মহাজনের দোকানেই বেচাবিক্রি বেশি হয় বলে জানা গেল।কারওয়ান বাজারের চান মহাজন আবার ব্যবসার পসার বাড়িয়েছেন মহিষের মাংস বিক্রি করে। তাঁর দোকানে প্রতিদিন গোটা দশেক মহিষ জবাই করা হয়। এগুলোর বেশির ভাগই কিনে নেন রেস্তোরাঁ ব্যবসায়ীরা। তবে নগরের অন্যান্য এলাকায় মহিষের মাংস খুঁজে পাওয়া ভার! ক্রেতাদের সন্তোষজনক সেবা দিয়ে অনেক মাংস ব্যবসায়ী নগরজুড়ে পরিচিতি পেয়েছেন। এ ক্ষেত্রে সবার আগে আসে গোয়ালঘাট লেনের (টিপু সুলতান রোড প্রান্তে) বাদশার নাম। তিনি এখন আর নেই। তাঁরই ছেলে ইমদাদ চালাচ্ছেন ব্যবসা। তবে বাদশার মাংসের দোকানে আগের মতোই আছে ক্রেতার ভিড়। শুক্রবার ভিড় সামলাতে ক্রেতাদের সারি ধরতে হয় এখানে। বেচাবিক্রির দিক দিয়ে এগিয়ে থাকা নগরের আরেকজন মাংস ব্যবসায়ী কাঁঠালবাগান কাঁচাবাজারের শেখ আবদুল বারেক। ৫০ বছর ধরে তিনি মাংসের ব্যবসা করছেন। এখন ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতির দায়িত্বে আছেন তিনি। আবদুল বারেক জানান, একসময় শুধু ঢাকাইয়ারা মাংস ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বেশির ভাগ আবার থাকতেন পুরান ঢাকার কসাইটুলীতে। ঢাকার বিভিন্ন এলাকার মাংস ব্যবসায়ীরা মূলত ঢাকার আদি ব্যবসায়ীদেরই শিষ্য।পুরান ঢাকার নাজিরাবাজারের মহসিন, মৌলভীবাজারের নাজিম ও নবাবগঞ্জের আনোয়ারের দোকানে গরুর মাংসের চাহিদা বেশি। যাঁরা কচি ষাঁড়ের মাংস পছন্দ করেন, তাঁরা মাংস কিনতে আমিনবাজারে যান বলে জানা যায়। তবে অভিজ্ঞজনের অভিমত, মাংস কেনার সময় যাচাই-বাছাই করে নিতে হবে।মাংস চেনার কোনো উপায় আছে কি? এমন প্রশ্নের উত্তরে ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রবিউল আলম জানান, গরুর চর্বি একটু হলদেটে হয়, মহিষেরটা হয় সাদা। আবার ভেড়ার চর্বি হলদেটে, তাই সাদা চর্বি দেখে খাসির মাংস চিনে নেওয়া যায়। খাসির চামড়া ছাড়ানোর পর এর লেজ রেখে দোকানের সামনে ঝোলানো হয়। আর ভেড়ার চামড়া ছাড়ানোর পর লেজ কেটে ফেলা হয়, যাতে তা খাসি বলে চালিয়ে দেওয়া যায়।ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলীর মতে, গরুর মাংসের রং হালকা লালচে হয়। আর মহিষের মাংস গাঢ় লালচে হয়। আবার বয়স্ক, ক্লান্ত, অসুস্থ গরুর মাংস কালচে হতে পারে। হাড় দেখেও মাংস চেনা যায়। মহিষের হাড় মোটা হয়। গরুর হাড় চিকন। মহিষের বুকের হাড় চওড়া বেশি ও চ্যাপ্টা। গরুর বুকের হাড় চিকন ও গোল। ভেড়া ও খাসির মাংস আলাদা করা দুরূহ। ভেড়ার চর্বি নরম, খাসির চর্বি তুলনামূলক শক্ত। আধুনিক ল্যাবরেটরিতে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে মাংস শনাক্ত করা হয়। একে বলা হয় ‘স্পেসিফিক অ্যান্টিবডি টেস্ট’। এর মাধ্যমে মাংস থেকে রস বের করে ‘স্যাম্পল’-এর সঙ্গে মিলিয়ে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঢাকা মহানগরে এ ধরনের ল্যাবরেটরি নেই বলে তিনি জানান।এদিকে জবাইয়ের আগে গবাদিপশুর স্বাস্থ্য যাচাই করার দায়িত্ব ডিসিসির ভেটেরিনারি বিভাগের পশু চিকিৎসকদের। এই দায়িত্ব পালনে তাঁরা আন্তরিকতার পরিচয় দিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী জানান, তাঁদের জনবলের অভাব আছে। আবার বর্তমানে ডিসিসির যে জবাইখানা আছে, সেগুলো বেহালে আছে। এগুলোয় কাজ করার মতো পরিবেশ ও অবকাঠামো নেই। আধুনিক পশু জবাইখানার অভাবে তাঁরা দায়িত্ব পালনেও ব্যর্থ হচ্ছেন। নগরে একটি আধুনিক পশু জবাইখানা করার উদ্যোগ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।এদিকে প্রায়ই মাংস ব্যবসায়ীদের ওজনে কম দেওয়ার অভিযোগ শোনা যায়। ক্রেতাদের সঠিক ওজন নিশ্চিত করার দায়িত্বে নিয়োজিত সরকারি সংস্থাও এ ক্ষেত্রে কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। সে ক্ষেত্রে মাংস কেনার সময় ওজন ঠিকমতো দিচ্ছে কি না তা ক্রেতাকেই যাচাই করে নিতে হবে। অনেক মাংস ব্যবসায়ী ওজনে কম দিতে চান—এ প্রসঙ্গে ভিন্নমত দিলেন ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক রবিউল আলম। তিনি বলেন, একটা সময় ওজনে কম দেওয়ার বিষয়কে মাংস ব্যবসায়ীরা গর্বের ব্যাপার ভাবতেন। তখন ভেজালবিরোধী অভিযান হলে তাঁরা দোকান ফেলেই পালিয়ে যেতেন। এখন অবস্থা অনেকটা বদলে গেছে। বর্তমান মাংস ব্যবসায়ীরা কম-বেশি পড়াশোনা জানেন। ওজনে কম দেওয়ার মানসিকতার পরিবর্তন হয়েছে। ভেজালবিরোধী অভিযানের কর্মীদের তাঁরা সহায়তা করে থাকেন।মাংস ব্যবসায় ক্রেতাকে ‘ফাঁকি’ দেওয়ার সুযোগও কমে গেছে বলে মনে করেন ঢাকা মহানগর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ আবদুল বারেক। তিনি বলেন, এখন অনেক প্রতিষ্ঠান মোড়কজাত মাংস ব্যবসায় নেমেছে। আবার সুপারস্টোরেও পাওয়া যাচ্ছে মাংস। অভিজাত শ্রেণী ঝামেলা এড়াতে সেখান থেকেই মাংস কিনছে। ঢাকা নগরের ঐতিহ্যবাহী মাংসের দোকানিদের ব্যবসা আর আগের মতো নেই।তবে আগের মতোই অবাধে চলছে মহিষের মাংসকে গরু এবং ভেড়াকে খাসি করার অসাধু কার্যক্রম। ডিসিসির ভেটেরিনারি কর্মকর্তা মো. আজমত আলী জানান, পুষ্টিমান বিবেচনায় গরুর মাংসের চেয়ে মহিষের মাংস ভালো, আর খাসির তুলনায় ভালো ভেড়া। মহিষের মাংসে কোলেস্টরেল কম থাকে, তাই এটি শরীরের জন্য ভালো। মহিষ ও ভেড়া খোলা মাঠে ঘাস খাওয়ায় মাংসে পুষ্টিমান বেশি থাকে। তবে যাঁরা স্বাদের কথা চিন্তা করে মাংস খান, তাঁদের এ স্বাস্থ্যকথা শুনতে বয়েই গেছে।