মাংসের মান নিয়ন্ত্রণ না করলে এক বছরের কারাদণ্ড
মাংস বিক্রির আগে মান নিয়ন্ত্রণ না করলে এক বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে মন্ত্রিসভা পশু জবাই ও মাংস নিয়ন্ত্রণ আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করেছে। এ আইন অনুযায়ী যেখানে-সেখানে পশু জবাই করা যাবে না। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার চার ঘণ্টার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। আবুল কালাম আজাদ জানান, বিদ্যুৎ পরিস্থিতি আগের চেয়ে ভালো। আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে ৫০০-৬০০ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যোগ হবে। গত ১৮ সেপ্টেম্বরের সরকারি হিসাব উল্লেখ করে তিনি জানান, ওই দিন বিদ্যুতের চাহিদা ছিল পাঁচ হাজার মেগাওয়াট। আর ওই দিন বিদ্যুৎ উৎপন্ন হয়েছে চার হাজার ২৯৬ মেগাওয়াট। এ ছাড়া বৈঠকে বাংলাদেশের আদমশুমারি ও গৃহগণনা-২০১১ অনুষ্ঠানের তারিখ ও মাঠ পর্যায়ে শুমারি কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে। প্রশাসনিক ট্রাইব্যুনাল সংশোধন আইন-২০১০-এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন, স্থানীয় সরকার ইউপি (সংশোধন) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন ও কমপিটিশন আইন-২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।