স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কৌতুক করে সাংবাদিকদের পুলিশ থেকে ১০০ হাত দূরে থাকতে বলেছেন। এ নিয়ে সংসদে পয়েন্ট অব অর্ডারে কথা বলা বিধিসম্মত নয়। আজ বুধবার সংসদে এ কথা বলেছেন সরকারি দলের সাংসদ শেখ ফজলুল করিম সেলিম।তার আগে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকের বক্তব্যের সমালোচনা করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের পুলিশ থেকে ১০০ হাত দূরে থাকতে বলেছেন। সাংবাদিকদের যদি এ অবস্থা হয়, তবে সাধারণ মানুষের কী হবে? পুলিশ হবে জনগণের বন্ধু। কিন্তু আজকাল তাদের হাতে সরকারি দলের সাংসদেরাও হেস্তনেস্ত হন। আইন অনুযায়ী দায়িত্ব পালন করছে না পুলিশ। যে দেশে পুলিশকে সাধারণ মানুষ, সাংসদ এবং সাংবাদিকদের ওপর লেলিয়ে দেওয়া হয়, সে দেশে বসবাস করা যায় না। মনে রাখতে হবে, পুলিশের কারণে এ দেশে সরকারের পতন হয়েছে। তাই পুলিশকে সঠিকভাবে পরিচালিত করতে হবে।এ সময় সংসদের সভাপতি ডেপুটি স্পিকার শওকত আলী ফজলুল আজিমের মাইক বন্ধ করে দেন। এরপর শেখ সেলিম দাঁড়িয়ে ডেপুটি স্পিকারের উদ্দেশে বলেন, সংসদে যখন-তখন যা তা বলা যায় না। সংসদ ফ্রি স্টাইলে কথা বলার জায়গা নয়। স্বতন্ত্র সাংসদ যে সময়ে দাঁড়িয়েছেন, বিধি অনুযায়ী তা পয়েন্ট অব অর্ডার হয় না। এরপর চিফ হুইপ আবদুস শহীদ বলেন, সাংসদেরা পয়েন্ট অব অর্ডারের নামে যা বলেন, তা প্রকৃত অর্থে পয়েন্ট অব অর্ডার হয় না। এ ধরনের বক্তব্য বাতিল করে দেওয়াই ভালো। পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হলে কার্যপ্রণালী বিধি মেনেই কথা বলতে হবে। এতে সংসদ পরিচালনা করতে সুবিধা হবে। সব শেষে ডেপুটি স্পিকার বলেন, ‘এ পর্যন্ত আমি যত পয়েন্ট অব অর্ডার শুনেছি, তার একটিও পয়েন্ট অব অর্ডার হয়নি। সাংসদেরা পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলেন। কিন্তু কিছু করার থাকে না। ততক্ষণে তাঁরা বলতে শুরু করেন। এসব বক্তব্য এক্সপাঞ্জও করা যাবে না। কারণ, তাহলে অতীতের সব পয়েন্ট অব অর্ডার এক্সপাঞ্জ করতে হবে। সুতরাং, আমাদের ৩০১ বিধি মেনে পয়েন্ট অব অর্ডারে কথা বলতে হবে।’