মাইক মুলেনের মন্তব্যকে চরম দায়িত্বহীন বলেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানি সাংবাদিক সালেম শেহজাদের হত্যার পেছনে সরকারের হাত আছে বলে মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা মাইক মুলেনের করা মন্তব্যকে চরম দায়িত্বহীন বলেছে পাকিস্তান সরকার। আজ শুক্রবার পাকিস্তান এ প্রতিক্রিয়া জানিয়েছে বলে বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে।মার্কিন সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন গতকাল বৃহস্পতিবার বলেন, সাংবাদিক সালেম শেহজাদের হত্যার পেছনে পাকিস্তান সরকারের হাত রয়েছে। তবে এ ঘটনায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই জড়িত কি না, তা তিনি নিশ্চিত নন।গত মে মাসে ইসলামাবাদের কাছে অ্যাবোটাবাদে মার্কিন অভিযানে আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সর্বশেষ পাকিস্তানি সাংবাদিক সালেম শেহজাদের নিহত হওয়ার ঘটনা নিয়ে দেশ দুটির মধ্যে আবারও সম্পর্কের তিক্ততা সুস্পষ্ট হয়ে উঠেছে।পাকিস্তান সরকারের এক মুখপাত্র আজ দাবি করেছেন, মাইক মুলেনের ওই মন্তব্য শেহজাদের নিহত হওয়ার ঘটনার তদন্তকে বাধাগ্রস্ত করবে। অন্যদিকে আইএসআই এই হত্যাকাণ্ডের সঙ্গে তাদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। গত মে মাসে সাংবাদিক শেহজাদকে ইসলামাবাদে তাঁর বাসার কাছ থেকে অপহরণ করা হয়। এর দুই দিন পর পাঞ্জাবে তাঁর মৃতদেহ পাওয়া যায়। পাকিস্তানের সংবাদমাধ্যম এ হত্যাকাণ্ডের জন্য গোয়েন্দা সংস্থা আইএসআইকে দায়ী করছে। এ ঘটনায় সরকার একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। কমিটি গত মাসে তাদের কাজ শুরু করেছে।সালেম শেহজাদ হংকংভিত্তিক এশিয়া টাইমস অনলাইনে কর্মরত ছিলেন। গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা নিয়ে তিনি অনুসন্ধান করছিলেন।