মাইক হাসির ব্যাটিং ছিল বিস্ময়কর: ওয়াকার ইউনুস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্ট লুসিয়ায় গতকাল পাকিস্তানের হাসি কেড়ে নিয়েছেন মাইক হাসি। পাকিস্তানের ফাইনালে ওঠা যখন কেবল সময়ের ব্যাপার তখনই ‘বিস্ময়কর’ ব্যাটিং করে শহিদ আফ্রিদির দলের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান। সেমিফাইনাল থেকে পাকিস্তানকে বিদায় করে দেওয়ার পরও হাসিরই জয়গান করছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস। পাকিস্তানের ক্রিকেটারদের ব্যর্থতায় নয়, ‘বিস্ময়কর’ হাসির কারণেই পাকিস্তানের বিদায় হয়েছে বলে মানছেন ওয়াকার।ম্যাচ শেষে হাসিকেই পুরো কৃতিত্ব দিয়ে পাকিস্তানের কোচ বলছেন, ‘আমাদের কিছুই করার ছিল না। আমার কাছে হাসির ইনিংসটা এখনো অবিশ্বাস্য লাগছে। সে যেভাবে চোখের পলকে বল বাউন্ডারির বাইরে পাঠাল তা আমাকে বিস্মিত করেছে। এ রকমটা সাধারণত হয় না।’ হাসি এমন একসময় মাঠে নামেন, যখন পাকিস্তানের দিকে ম্যাচ স্পষ্টত ঝুলে আছে। এ পাল্লা উল্টো অস্ট্রেলিয়ার দিকে ঝুঁকতে পারে গোড়া সমর্থক না হলে এমন আশা খুব কম ক্রিকেটপ্রেমীই করবেন। তার পরও প্রায় অসম্ভব ঘটনাটিও হয়ে গেছে গতকাল। শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান। আমিরের ওভারে হাসি একাই নিলেন ১৬। শেষ ওভারে দরকার ১৮ রান। প্রথম বলে সবচেয়ে জরুরি কাজটা করলেন জনসন। সিঙ্গেল নিয়ে স্ট্রাইক দিলেন হাসিকে। এরপর যা হলো, তা হয়তো চিরদিনই তাড়িয়ে নিয়ে বেড়াবে বোলার সাঈদ আজমলকে। পরের তিনটি বলে ৬-৬-৪! দুই দলের স্কোর সমান। পঞ্চম বলে বিশাল এক ছক্কায় বাজল পাকিস্তানের বিদায়ঘণ্টা। এক বল বাকি থাকতেই পাকিস্তানকে হতাশার সাগরে ডুবিয়ে অস্ট্রেলিয়াকে স্বপ্নের ফাইনালে তুলে নিলেন হাসি। মাত্র ২৪ বলে হাসি অপরাজিত ৬০। তিনটি চার, ছক্কা ছয়টি।সেন্ট লুসিয়ায় ধীর উইকেটে ১৯১ রান করার পরও পাকিস্তান হেরেছে বলে ক্রিকেটারদের ওপর কোনো ক্ষোভ নেই পাকিস্তানের কোচের। এমনকি শেষ ওভারের বোলার সাঈদ আজমল বা তাঁর হাতে বল তুলে দেওয়া শহিদ আফ্রিদির প্রতিও কোনো অভিযোগ নেই তাঁর। সবকিছু হাসির ওপরই ছাড়ছেন ওয়াকার। পাকিস্তানের কোচের পাল্টা প্রশ্ন, ‘এ রকম অবিশ্বাস্য ব্যাটিং করলে কার কী করার থাকে বলুন? আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। কিন্তু এর বাইরে কী করতে পারি আমরা?’ক্রিকেটারদের প্রশংসা করে ওয়াকার ইউনুস বলেন, ‘ক্রিকেটাররা তাঁদের সেরা খেলাটাই খেলেছে। আমরা কোনো ভুল করিনি। সবদিকেই অসাধারণ খেলেছি আমরা। কাউকে দোষ দেওয়ার কারণ আমি দেখছি না।’