চট্টগ্রাম শহরের লালখান বাজার মতিঝর্না এলাকায় আবুল কাশেমের ঘরে ভাড়া থাকেন মরিয়ম বেগম। ঘরটি পাহাড়ের ঢাল ঘেঁষে। গত রোববার টানা বৃষ্টিতে পাহাড়ধসে মরিয়মের ঘরের পাশের তিনটি নির্মাণাধীন টিনের ঘর ভেঙে গেছে। কেউ হতাহত না হলেও আবার যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এর পরও মরিয়মের পরিবারসহ চারটি পরিবারকে এখান থেকে সরানো যায়নি।মরিয়ম বলেন, ‘বৃষ্টি হলে ভয় লাগে এখানে থাকতে। কিন্তু যাব কোথায়?’ গোটা এলাকায় দেখা গেছে একই চিত্র। গত পাঁচ দিনের টানা বৃষ্টিতে পাহাড় ব্যবস্থাপনা কমিটি নগরের ১৩টি ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে ৭০০ পরিবারকে নিরাপদে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু সবাইকে সরানো যাচ্ছে না। পুনর্বাসনের ব্যবস্থা না করে নিজ উদ্যোগে অন্যত্র সরে যাওয়ার কথা বলায় উদ্যোগটি পুরোপুরি সফল হচ্ছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। সরেজমিনে দেখা গেছে, নগরের মতিঝর্না পাহাড়, বাটালি পাহাড়, কৈবল্যধাম বিশ্বকলোনি, এ কে খান পাহাড়সহ বিভিন্ন স্থানে এখনো ঝুঁকির মধ্যে অনেক পরিবার বসবাস করছে। অথচ পতেঙ্গা আবহাওয়া দপ্তর টানা পাঁচ দিনের বৃষ্টিতে ভূমিধসের সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে পাহাড় ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা মাইকিং করে যাচ্ছি। লোকজনকে সরিয়েও নিচ্ছি। আগামীকাল (আজ মঙ্গলবার) আমরা কৈবল্যধাম এলাকায় (বিশ্বকলোনি) ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে জোর করে সরিয়ে দেওয়ার কার্যক্রম চালাব। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তিনটি দল ওখানে কাজ করবে।’ তিনি বলেন, ‘লোকজনকে সরিয়ে দিলেও তারা পুনরায় চলে আসে।’ পাহাড় ব্যবস্থাপনা কমিটি সূত্রে জানা গেছে, টানা বর্ষণ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে পাহাড়ে বসবাসকারীদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। এ ছাড়া কোনো কোনো স্থানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে জোর করে সরিয়ে দেওয়া হয়। নগরের লালখান বাজার ও মতিঝর্নার বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০টি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখানে আরও অন্তত ১০০টি পরিবার রয়েছে, যারা ঝুঁকির মধ্যে বাস করছে। এ প্রসঙ্গে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহমেদ বলেন, ‘আমরা শাহজাহান কলোনি ও কানু কলোনি থেকে লোকজনকে সরিয়ে নিয়েছি। অন্যগুলো তেমন ঝুঁকিপূর্ণ বলে আমাদের মনে হয়নি। বাকিটা আল্লাহর ইচ্ছা।’ সরেজমিনে দেখা গেছে, মতিঝর্না টাংকির পাহাড়ের পেছনে হুমায়ুন কবিরের অন্তত ২০টি ঘর রয়েছে। এগুলো ঝুঁকিপূর্ণ বলে এলাকার লোকজন জানান। এর ওপরের স্তরে কিছু ঘর রয়েছে। রোববার ওখানে পাহাড়ধসে ঘরগুলো ভেঙে যায়। তবে নির্মাণাধীন ওই ঘরগুলোতে কেউ থাকত না বলে প্রাণহানি ঘটেনি। জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘আমার মনে হয় না পাহাড়ধসে আমার এখানে পর্যন্ত আসবে। আমার অন্তত ৩০-৪০টি ভাড়াটে ঘর রয়েছে।’ খোঁজ নিয়ে জানা গেছে, নিম্ন আয়ের লোকজন কম ভাড়ায় বাসস্থানের জন্য পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে থাকেন। এক হাজার থেকে আড়াই হাজার টাকায় পাহাড়ের পাদদেশে ঘরগুলো ভাড়া দেওয়া হয়। বাটালি পাহাড়ের প্রতিরোধ দেয়ালসহ ভূমিধসে গত বছর ১৭ জনের প্রাণহানি ঘটেছিল। কয়েক মাস আগে ওই দেয়ালের পাশে আবার বসতি শুরু করে লোকজন। রোববার ওই এলাকা থেকে লোকজনকে সরিয়ে দেওয়া হয়। তবে বাটালি পাহাড়ের পেছনের অংশে মতিঝর্নালাগোয়া জনৈক আনোয়ার ও অন্যান্যের অন্তত ৫০টি ঘর রয়েছে, যেগুলো ঝুঁকিপূর্ণ। সেখান থেকে লোকজন সরেনি। ওখানকার বাসিন্দা মো. বাদশা বলেন, ‘আমাদের সরে যেতে বলা হয়েছিল। কিন্তু তেমন কিছু হবে না ভেবে কেউ সরেনি।’