মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, নিহত ১
আসামি ধরে ফেরার পথে গ্রামের মসজিদে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা করা হয়েছে। আজ শুক্রবার ভোররাত সাড়ে চারটার দিকে যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হন।গ্রামবাসী জানান, নিহত ব্যক্তির নাম আনিসুর রহমান। তাঁর বাড়ি মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামে। জেলা জামায়াতের আমিরের দাবি, নিহত আনিসুর তাঁদের সমর্থক। এ ঘটনার প্রতিবাদে আগামী রোববার সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত মনিরামপুরে হরতাল ডেকেছে জামায়াত। জেলা জামায়াতের আমির আবদুর রশিদ আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।ঘটনা সম্পর্কে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বলেন, আজ ভোররাতে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি ধরতে শতাধিক পুলিশ সদস্য জয়পুর গ্রামে অভিযানে যান। চারজন আসামিকে গ্রেপ্তার করে ফেরার পথে ভোররাত সাড়ে চারটার দিকে গ্রামের লোকজন ‘ডাকাত’ ‘ডাকাত’ বলে চিত্কার শুরু করে। এ সময় স্থানীয় মসজিদের মাইক থেকেও গ্রামে ‘ডাকাত এসেছে’ বলে ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণা শুনে শতাধিক মানুষ জড়ো হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশের অন্তত ১৫ জন সদস্য আহত হয়েছেন।জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, গ্রামবাসী এ সময় পুলিশের একটি গাড়ি ভাঙচুর করেন। পুলিশ আত্মরক্ষার্থে কয়েক দফা রাবারের গুলি ছোড়ে। পরে আটক চার আসামিকে নিয়ে থানায় ফিরে যায় পুলিশ। তিনি দাবি করেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর তিনি পেয়েছেন। তবে কাউকে লক্ষ্য করে রাবারের গুলি ছোড়া হয়নি। ওই সংঘর্ষের ব্যাপারে যশোর জেলা জামায়াতের আমির আবদুর রশিদের দাবি, তাঁদের সমর্থক আনিসুর রহমান পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ ছাড়া তাঁদের আরও ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন।এ বিষয়ে যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা ও আনিসুর রহমানের ময়নাতদন্ত দলের সদস্য আলমগীর কবীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘গুলিতে আনিসুরের মৃত্যু হয়েছে।’