মাইকেল স্মরণে কনসার্ট, তিন ভাইয়ের সমর্থন
ওয়েলসের মিলেনিয়াম স্টেডিয়াম সেজেছে বর্ণিল সাজে। আগামী শনিবার সেখানে প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসন স্মরণে বিশাল এক কনসার্টের আয়োজন করা হয়েছে। প্রয়াত এই শিল্পীর পরিবারের বড় একটি অংশ আগে থেকেই কনসার্টের বিরুদ্ধাচরণ করে আসছে। কারণ আর কিছুই না। তাদের যুক্তি হচ্ছে, যখন মাইকেলের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের বিচার চলছে। সে সময় এমন কনসার্ট করা অনুচিত। একই কারণে কনসার্টে গান গাইতে আপত্তি করেছিলেন শিল্পী বিয়ন্স। এখন জানা গেল, প্রয়াত পপসম্রাটের তিন ভাই—মারলন, টিটো ও জ্যাকি জ্যাকসন শনিবারের কনসার্টের প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। এ ছাড়া তাঁদের বোন লা টয়া কনসার্টে থাকছেন। বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে টিটো জ্যাকসন বলেন, ‘গোটা আয়োজনই হচ্ছে মাইকেল জ্যাকসনের সম্মানার্থে; যিনি তাঁর জীবনটাই ভক্ত ও দর্শকদের আনন্দ-বিনোদনের জন্য উৎসর্গ করেছিলেন।’ বিবিসি।