মাইক্রোবাসে আগুন ধরে বাবা-মেয়েসহ চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল শনিবার একটি মাইক্রোবাসে আগুন ধরে ঘটনাস্থলেই বাবা-মেয়েসহ চার যাত্রীর মৃত্যু হয়েছে।নিহত যাত্রীরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাঁশগাড়িয়া গ্রামের ফুল মিয়া (৫৫), তাঁর মেয়ে নাহিদা (৬), ভাতিজা জুয়েল (৮) ও মেহেদি (১০)। আহত হয়েছেন ফুল মিয়ার ভাতিজা রুবেল (২৯), জিহাদ (৭), শাহীন (১২), মিজান (২৫) ও সুরুজ মিয়া (৪৫)।রুবেল ও সুরুজ মিয়া জানান, সৌদি আরব থেকে গতকাল তাঁদের এক আত্মীয়ের দেশে ফেরার কথা ছিল। তাঁর জন্য গতকাল তাঁরা ১১ জন মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ-১১-৩৫৭৩) করে বাঁশগাড়িয়া গ্রাম থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। পথে গজারিয়ার শাহ শের আলী সিএনজি স্টেশনে তাঁদের গাড়ি গ্যাস নেয়। বেলা সোয়া একটার দিকে স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টা মোড় নেওয়ার সময় পেছন থেকে একটি বাস তাঁদের মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে সঙ্গে সঙ্গে মাইক্রোবাসে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চার যাত্রীর। তাড়াহুড়া করে নামতে গিয়ে ও আগুনের তাপে আহত হন পাঁচজন। আহত যাত্রীরা বালুয়াকান্দিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।দুর্ঘটনার পরপরই মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিভিয়ে বেলা সোয়া দুইটার দিকে গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেন।তবে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, গ্যাস নিয়ে মহাসড়কে উল্টো মোড় নেওয়ার সময় সড়ক বিভাজকের (আইল্যান্ড) সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়।ঘটনাস্থলে আসা ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহজাহান প্রথম আলোকে জানান, আগুন নেভানোর পর মাইক্রোবাসটির গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় পাওয়া গেছে। সিলিন্ডার বিস্ফোরিত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধাক্কা খেয়ে মাইক্রোবাসটির ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত গ্যাস সিলিন্ডারের মুখের কর্ক খুলে এ দুর্ঘটনা ঘটেছে।এসআই ফরিদ জানান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই নিহত চারজনের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের আত্মীয় আতস মিয়া মামলা করবেন বলে জানিয়েছেন।