মাইক্রোবাসের চাপায় নারী নিহত, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মাইক্রোবাসের চাপায় রুবিয়া বেগম (৫২) নামের এক নারী নিহত হয়েছেন। আজ রোববার সকাল নয়টার দিকে উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে।রুবিয়া সদর উপজেলার সুকতাইল গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।পুলিশ জানায়, আজ সকালে উপজেলার ফুকরা বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন রুবিয়া। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস পেছন থেকে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রুবিয়া মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে আসে। গতিরোধক নির্মাণের দাবিতে তাঁরা ব্যারিকেড দিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ রুবিয়ার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) কবিরুল ইসলাম প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, চালককে আটক করা যায়নি। দুর্ঘটনার পর চালক মাইক্রোবাস নিয়ে পালিয়েছেন।