মাইনাস টু ফর্মুলা গ্রহণযোগ্য নয় (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘শোনা যাচ্ছে আবার নাকি “মাইনাস টু ফর্মুলা” কার্যকর করার তত্পরতা শুরু হয়েছে। এক-এগারোর সরকারের সময়ে এমন চেষ্টা হয়েছিল। কিন্তু সফল হয়নি। উল্টো তারা দেশের অনেক ক্ষতি করে গেছে। তাই এই ফর্মুলা গ্রহণযোগ্য নয়।’আজ শনিবার আইনজীবী রফিক-উল হক তাঁর একক বক্তৃতা অনুষ্ঠানে এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মুক্তচিন্তা নামের একটি প্রতিষ্ঠান এ বক্তৃতার আয়োজন করে।একক বক্তব্যে রফিক-উল হক বলেন, ‘তাছাড়া এক-এগারোর সরকার ছিল সেমি-মার্শাল ল সরকার। এ সরকারে যাঁরা ছিলেন, তাদের তো দেশ ছেড়ে পালাতে হয়েছে। দেশ ছেড়ে যদি পালাতেই হয়, তবে রাজনীতি করার দরকার কি? তাই এমন সরকারব্যবস্থায় ফিরে যাওয়ার প্রশ্নই আসে না।’ তিনি আরও বলেন, নির্বাচনের বাকি মাত্র ১০ মাস। তার আগেই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। এখন অনেকেই নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছেন। প্রয়োজনে তা-ও করতে হবে।প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মানে এক-এগারোর সরকার নয়। এক-এগারোর সরকার ছিল আধা-সামরিক সরকার। তারা দেশের অনেক ক্ষতি করে গেছে। তাই এই ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকারব্যবস্থার প্রয়োজন আছে বলে মনে করেন রফিক-উল হক। তিনি বলেন, ‘কারও কারও মতে, তত্ত্বাবধায়ক-ব্যবস্থা মানে এক-এগারোর সরকার। এমন ধারণা সঠিক নয়। আমরা দেশের ভালো চাই। সে জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে পারে। সেটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী—যে নামেই হোক না কেন। প্রধান দুই দল থেকে সমান সংখ্যক সদস্য নিয়ে এ সরকার গঠন হতে পারে। জাতীয় পার্টি থেকেও নেওয়া যেতে পারে। সে জন্য দুই নেত্রীকে আলোচনায় বসতে হবে, সমঝোতায় যেতে হবে।’রফিক-উল হক বলেন, ‘আওয়ামী লীগ-বিএনপি একে অন্যের প্রতি আক্রমণাত্মক আচরণ করছে। এসব বন্ধ করে দুই নেত্রীকে আলোচনায় বসতে হবে। আমার ধারণা, তাঁরা বসবেন। কারণ দুজনই দেশকে ভালোবাসেন। তাঁরা যদি না বসতে পারেন, তবে দলের সাধারণ সম্পাদকেরা বসতে পারেন। তাতেও সমস্যার সমাধান হতে পারে।’সরকারের সাফল্য ও ব্যর্থতা সম্পর্কে রফিক-উল হক বলেন, ‘বর্তমান সরকারের আমলে সমস্যার শেষ নেই। লক্ষাধিক শিক্ষককে সরকারি করা হলো। বাকি শিক্ষকদের মরিচের গুঁড়া স্প্রে করা হয়েছে। স্বাস্থ্য খাতে তেমন কোনো উন্নতি নেই। তবে সরকারের কিছু ভালো কাজও আছে। বছরের শুরুতে ছাত্ররা বই পাচ্ছে, এমন আগে কখনো দেখা যায়নি।’ রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নেই মন্তব্য করে রফিক-উল হক বলেন, ‘আওয়ামী লীগের কাউন্সিলে দেখা গেছে, নেত্রী যা বলেছেন, তা-ই হয়েছে। বিএনপিতেও একই অবস্থা। দল গঠন হবে দলীয় কাউন্সিলরদের গোপন ভোটে। অথচ দেখা যায়, দলীয় প্রধান সবার সামনে বলেন, এটা ওটা করতে যাচ্ছেন, তাতে কারও আপত্তি আছে কি না? কথা হলো, তাঁর কথার বিরুদ্ধে কথা বলার সাহস তো কারও নেই। বললে তো তাকে তখনই দেখে নেওয়া হবে। এটা কি গণতন্ত্র? এ তো একনায়কতন্ত্রের চেয়েও বেশি।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের জামিন না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন রফিক-উল হক। তিনি বলেন, ‘তার জামিন কেন হবে না? সে তো চোর বা ডাকাত নয়। আমরা বলি বিচার বিভাগ স্বাধীন। আসলে এখানে মুখ দেখে বিচার করা হয়।’ বক্তৃতা অনুষ্ঠানে মুক্তচিন্তার আহ্বায়ক আশীষ কুমার সেন ও সমন্বয়ক আমীরুল মোমেনীন উপস্থিত ছিলেন।