চার্চ থেকে রাষ্ট্রের পৃথক্করণ কিংবা পুরোপুরি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের যে আধুনিক ধারণা, সে জন্য অনেকেই কৃতিত্ব দেন জন লককে (১৬৩২-১৭০৪)। তিনি ছিলেন ইংরেজ দার্শনিক। এই ধারণাটিই আমাদের দেশে ধর্ম থেকে রাজনীতি আলাদা করা হিসেবে পরিচিতি পায়। বাঙালি জাতি অবশ্য চড়া মূল্য দিয়ে ধর্মকে আলাদা করতে শিখেছিল। পাকিস্তান রাষ্ট্রে কিছুই আলাদা ছিল না। বরং তার জন্মই হলো ধর্মের ভিত্তিতে। ধর্মরাষ্ট্র হিসেবে এক নতুন জাতিরাষ্ট্র, যে জাতিরাষ্ট্রের সঙ্গে কখনো কোনো ধর্মরাষ্ট্রের মিল ছিল না। ১৮০২ সালে জেফারসনের চিঠিতে মানবজাতি প্রথম আনুষ্ঠানিকভাবে ‘সেপারেশন অব চার্চ অ্যান্ড স্টেট’ কথাটি দেখতে পায়। এই যে রাজনীতিকদের শেখানো ‘সেপারেশন’, সেটাই কিন্তু মার্কিন সুপ্রিম কোর্ট এবং পরে অন্যরা অনুসরণ করেছে। জনগণ সেপারেশন শিখেছে জাতীয় নেতার কাছে, বিচারপতির কাছে নয়।তবে ‘ক্ষমতার পৃথক্করণ’ কথাটি এসেছে আগে। চার্চ থেকে রাষ্ট্রের পৃথক্করণ থেকেও এটা পুরোনো। এর উৎপত্তি প্রাচীন গ্রিসে। এরপর রোমকরা এর সুফল পায়। তাই তারা তাদের নগররাষ্ট্রে বিচার বিভাগ পৃথক রাখে। ফরাসি দার্শনিক মন্টেস্কু (১৬৮৯-১৭৫৫) রাষ্ট্রের তিন স্তম্ভ ও পৃথক্করণের স্থপতি। ব্রিটিশরা তাঁর কাছেই ঋণী।আমাদের উপমহাদেশের রাজনীতিকেরা পৃথক্করণ শিখেছেন ব্রিটিশদের কাছেই। তাঁরা দেখেছেন, উচ্চ আদালতের বিচারকেরা ভারতে দায়িত্ব পালন করতে এসে ক্ষমতার পৃথক্করণের নীতির ব্যত্যয় ঘটিয়েছেন। সে জন্য তাঁদের মূল্য দিতে হয়েছে। অথচ ভারত শাসনে বিচার বিভাগ পৃথক্করণের মন্ত্র ছিল ভিন্ন। যে চোর ধরে, তাকেই তা বিচার করতে দিলে সেখানে অনাচারের ঝুঁকি থাকবেই। এটাই হলো বিচার বিভাগ পৃথক্করণের মন্ত্র। কিন্তু হাউস অব কমন্স তার ফরেন সাবজেক্টস বা গেঁয়ো নিচু জাতের জন্য পৃথক্করণ উপযুক্ত মনে করেনি। এখানে তারা একধরনের বর্ণবাদী, খাস বিলেতি শাসকমার্গীয় মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।শেরেবাংলা এ কে ফজলুল হক সেই ত্রিশের দশকে ব্রিটিশ-ভারতের বিধানসভায় বিচার বিভাগ পৃথক না থাকার কারণে যে উৎপীড়ন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর আক্ষেপ ঝরেছিল, বিচার বিভাগ পৃথক্করণের নীতি ব্রিটিশ নাগরিকেরা ভোগ করে। কিন্তু তারা তাদের কলোনি বা উপনিবেশে দিতে চায় না। ব্রিটিশ শাসনে বিচার বিভাগ পৃথক্করণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ওই শক্তি জিতে যায়, যারা স্বাধীন বাংলাদেশে তা প্রতিহত করতে সক্ষম হয়।আওয়ামী লীগের প্রথম গঠনতন্ত্র প্রণয়নের সময় নব উদ্যমে এক ইশতেহার জারি হয়েছিল। সেখানে বিচার বিভাগ পৃথক্করণের আওয়াজ তোলা হয়। চুয়ান্নর ২১ দফার অন্যতম দাবি ছিল এটি। এর ধারাবাহিকতায় সাতান্নতে পূর্ববাংলা প্রাদেশিক পরিষদে পাস হলো বিচার বিভাগ পৃথক্করণ বিল। কিন্তু এটা যাতে কার্যকর না হয়, সে জন্য সাপ মেরে লেজে বিষ রাখা হলো। ওই বিলে বিধান রাখা হলো, প্রজ্ঞাপন জারির দিন থেকে এই আইন কার্যকর হবে। পাকিস্তান টিকে থাকতে সেটা অচলই থাকল।বাঙালি মুসলমান একাত্তরে নতুন রাষ্ট্র পেল। তারা বাহাত্তরের সংবিধানে ওই ইতিহাস পেছনে থাকা সত্ত্বেও লিখল, বিচার বিভাগ পৃথক্করণে রাষ্ট্র ব্যবস্থা নেবে। আমলাতন্ত্রের কারসাজি স্বাধীন রাষ্ট্রের জন্মেই টিকে গেল। বাহাত্তরে সুপ্রিম কোর্টের হাতে অধস্তন আদালত নিয়ন্ত্রণের বিধান হলো। এতে জন লক ও মন্টেস্কু নমস্য হন। অবশ্য তাঁদের মুণ্ডপাতে দেরি হয়নি। কারণ, পৃথক্করণ-সংক্রান্ত ১১৫ ও ১১৬ অনুচ্ছেদ চতুর্থ সংশোধনীতে খর্ব হয়। বিচারকদের করায়ত্ত করে নির্বাহী বিভাগ। জিয়ার পঞ্চম সংশোধনী (সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়েও এটুকু রদ হয়নি) এক কূটকৌশলে তা বজায় রাখে। এরপর ২০০৭ সালের আগ পর্যন্ত বাংলাদেশের সামরিক-বেসামরিক রাজনীতিকেরা এ নিয়ে নানা ধরনের কসরত করলেন। দল-মত-লেবাসনির্বিশেষে তাঁরা তৈরি করলেন প্রতিশ্রুতির মহাভারত। মাসদার হোসেন মামলার রায় হয়েছিল ২০০০ সালের আগেই। কিন্তু নিয়তির কী পরিহাস! ২০০৭ সালে সেনাসমর্থিত অনির্বাচিত সরকারের মেয়াদে প্রকারান্তরে সাতান্ন সালের সেই বিলের প্রজ্ঞাপন জারি হলো। নির্বাচিত ব্যক্তিরা বললেন, খোশ আমদেদ! পৃথক্করণের পথ এখনো অনেক বাকি। যে অগ্রগতি হয়েছে, তাও ইতিমধ্যে সেই আমলাতন্ত্র যারা বাহাত্তরে মূল সংবিধানেই পৃথক্করণের গলা টিপে হত্যা করেছিল, তারা ইতিমধ্যে কাঁচি দিয়ে কেটে নিতে শুরু করেছে। তবে গত ৪০ বছরে বিচার বিভাগকে স্বাধীন করার পথে পৃথক্করণের অর্জন নিশ্চয় মাইলফলক। ২০০ বছরের পূর্বপুরুষদের আকাঙ্ক্ষার এক রূপায়ণ। আওয়ামী লীগের নির্বাচিত সাংসদেরা ২০০৮ সালের ওই অধ্যাদেশ আইনে পরিণত করেছেন। টিআইবির সদ্য প্রকাশিত খানা জরিপে বিচার বিভাগ সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাত হিসেবে চিহ্নিত হয়েছে। তবে এই অসুখ নিশ্চয় পৃথক্করণের কুফল নয়। এটা অসুখ, এর নিরাময়ের জন্য দরকার উপযুক্ত ওষুধ। জন লক, মন্টেস্কু প্রমুখ বাংলাদেশে আজও অভ্রান্ত।মিজানুর রহমান খান: সাংবাদিক