মাইলস আর চন্দ্রবিন্দুর গানে নাচল কলকাতা
মৈত্রীবন্ধন উৎসবের পঞ্চম দিনে গতকাল সোমবার বাংলাদেশ ও ভারতের দুটি নামী ব্যান্ডের গানে গানে নেচেছে কলকাতার দর্শক-শ্রোতা। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে ছিল এই উৎসবের আয়োজন। বাংলাদেশের মাইলস ও কলকাতার চন্দ্রবিন্দু ব্যান্ডের অপূর্ব সুর মূর্ছনায় কলকাতাবাসী উপভোগ করল গতকাল আরও একটি সুন্দর সন্ধ্যা। অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। এর আগের চার দিনের মতো গতকালও পুরো অনুষ্ঠানটি ছিল জমজমাট। ব্যান্ডের গানের তালে তালে উত্তাল ছিল নজরুল মঞ্চ।মঞ্চে এসে চন্দ্রবিন্দুর দুই শিল্পী অনিন্দ ও উপল বলেন, কাঁটাতারের বেড়া দিয়ে নয়, গান দিয়ে মৈত্রীবন্ধনের সেতু রচনা করতে হবে। এই সংগীতই দুই দেশের সাধারণ মানুষের ভালোবাসাকে আরও দৃঢ় করবে। দৃঢ় করবে বন্ধুত্বের বন্ধন। চন্দ্রবিন্দুর পর মঞ্চে ওঠে বাংলাদেশের মাইলস। মাইলস এসেই মঞ্চে আহ্বান জানায় চন্দ্রবিন্দুকে। এরপর মঞ্চে দুই দেশের শিল্পীরা নিজেদের মৈত্রীবন্ধনে আবদ্ধ করেন। গ্রহণ করেন দর্শকদের অভিনন্দন। দর্শকদের অভিনন্দনের জবাবে মাইলসের শিল্পীরা বলেন, আমরা যদি দুই দেশ একযোগে কাজ করতে পারি, তবে দুই দেশের মৈত্রীবন্ধন আরও দৃঢ় হবে। গানই পারে বন্ধনের পথ দেখাতে। দুই দেশের জনগণকে পরস্পরের আরও কাছাকাছি নিয়ে আসতে। এই গানই হয়ে উঠুক দুই দেশের জনগণের মৈত্রীর মেলবন্ধন।মৈত্রীবন্ধন উৎসবের আয়োজক ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়া ও বাংলাদেশের শীর্ষ দৈনিক প্রথম আলো। এই উৎসব শুরু হয় গত বৃহস্পতিবার। শেষ হবে কাল বুধবার। আজ মঙ্গলবার ভারতব্যাপী ধর্মঘটের কারণে মৈত্রীবন্ধন উৎসবের কোনো অনুষ্ঠান রাখেনি কর্তৃপক্ষ। শেষ দিনে থাকবে ভাষার জন্য সাইকেল যাত্রা। এই সাইকেল যাত্রা শুরু হবে কলকাতার নজরুল মঞ্চ থেকে। শেষ হবে বাংলাদেশে গিয়ে। এরপর আবারও দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে সংগীত পরিবেশন করবে দুই দেশের দুটি নামী ব্যান্ড ঢাকার জেমসের নগর বাউল এবং কলকাতার ক্যাকটাস।মৈত্রীবন্ধন উৎসবে সংগীত ছাড়াও গত শনি ও রোববার ছিল দুটি রেস্তোরাঁয় মৈত্রীবন্ধন খাদ্য উৎসব। বাংলাদেশের নানা সুস্বাদু খাবার এতে পরিবেশন করা হয়।