মাইলসের পাঁচ ঘণ্টার কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইলসের শুরুটা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে (রূপসী বাংলা), ১৯৭৯ সালে। তখন এ হোটেলে সপ্তাহে অন্তত ছয় দিন নিয়মিত গান করত মাইলস। নিজেদের কোনো গান নয়, তখন মাইলসের কণ্ঠে ছিল যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের গান। কিন্তু মাইলস প্রথম একক কনসার্ট করে ১৯৮২ সালে, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। সেখানে ছিল মাইলসের নিজেদের গান। মাইলসের অন্যতম সদস্য শাফিন আহমেদ বলেন, ‘হোটেলের বাইরে এটাই ছিল দর্শকদের সামনে আমাদের প্রথম কনসার্ট। ওই হিসাবে এবার আমাদের ৩০ বছর পূর্তি হচ্ছে। এ সময়টা আমরা উদ্যাপন করব গানে গানে। সঙ্গে থাকবে স্মৃতিচারণা ও মাইলসের সাবেক সদস্যদের সংবর্ধনা জানানো। মাইলসের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ রশিদ ও কামাল মইনুদ্দিন এখন যুক্তরাষ্ট্রে আছেন। ঢাকায় আছেন ইশতিয়াক। তাঁরা সবাই যেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন, আমরা সেই চেষ্টা করছি। তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরা হবে মাইলসের ইতিহাস ও পথচলা।’কনসার্টটি আয়োজন করা হয়েছে ১০ ফেব্রুয়ারি, হোটেল রূপসী বাংলায়। ‘থার্টি ইয়ারস অব মাইলস কনসার্ট’ শুরু সন্ধ্যা ছয়টায়। চলবে রাত ১১টা পর্যন্ত। শাফিন বললেন, ‘মাইলসের শুরুটা হয়েছিল এই ভবনে। তাই ৩০ বছর পূর্তির অনুষ্ঠানটি এখানেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি।’অনুষ্ঠানের পরিকল্পনা প্রসঙ্গে তিনি বললেন, ‘আমাদের প্রথম অ্যালবামের নাম ছিল মাইলস। সেই থেকে শুরু করে এ পর্যন্ত প্রকাশিত সব কটি অ্যালবাম থেকে উল্লেখযোগ্য গানগুলো করব। আমাদের সঙ্গে মঞ্চে থাকবেন আমন্ত্রিত কয়েকজন বাদ্যযন্ত্রশিল্পী। আমাদের সংগীতশিল্পী বন্ধুরাও সেদিন গান করবেন। মঞ্চে যারা বিভিন্ন সময় মাইলসের গান করেছে—এমনি কিছু পুরোনো এবং নতুন ব্যান্ডও গান করবে এই অনুষ্ঠানে।’ মাইলসের এ কনসার্টের সঙ্গে আছে গ্রামীণফোন।