মাইলের পর মাইল হেঁটে মিলছে এক কলস পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে পানি; কিন্তু খাওয়ার পানি নেই। পুকুর, খাল-বিল, নদী-নালা সর্বত্রই লোনাপানি। বিশুদ্ধ খাওয়ার পানির খোঁজে হন্যে হয়ে ঘুরছে আইলাদুর্গত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানুষ। এক কলস খাওয়ার পানি জোগাড় করতে তাদের পাঁচ-ছয় কিলোমিটার পথ পাড়ি দিতে হচ্ছে। উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মো. লুত্ফর রহমান জানান, আইলার পর থেকে পরিবার-পরিজন নিয়ে তিনি চকবারা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন। গ্রামের কোথাও মিঠাপানি না থাকায় নদীর লোনাপানিতে গোসল করতে হয়। খাওয়ার পানি সংগ্রহ করতে ভোররাতে ঘুম থেকে ওঠেন। পাঁচ কিলোমিটার পথ হেঁটে, নদী পার হয়ে বুড়িগোয়ালিনী যান। তারপর দীর্ঘ লাইন দিয়ে পানি নিয়ে ফেরেন। ততক্ষণে দুপুর ১২টা বেজে যায়। এতে প্রতিদিন নৌকা ভাড়া বাবদ ৮-১০ টাকা খরচ হয়ে যায়।বেসরকারি সংস্থা গণমুখীর পরিচালক লুত্ফর রহমান জানান, পিকেএসএফের অর্থায়নে ও গণস্বাস্থ্য সংস্থার কারিগরি সহযোগিতায় সাতক্ষীরার যুব একাডেমি ও গণমুখী সংস্থা শ্যামনগরের ২২টি স্থানে প্রতিদিন এক লাখ ৩০ হাজার লিটার পানি সরবরাহ করছে। পানির চাহিদা ওই সব স্থানে এর চেয়ে তিন থেকে চার গুণ বেশি। চকবারা গ্রামের আবুল হোসেনের স্ত্রী রাশিদা (৪৫) জানান, চার-পাঁচ কিলোমিটার দূরের জেলেখালি থেকে নৌকায় করে পানি নিয়ে আসতে হয়। আর টাকা থাকলে এক ড্রাম (২০ লিটার) পুকুরের পানি ১৫ টাকায় কেনা যায়। তাও অপরিশোধিত। রাশিদা জানান, টাকা না থাকায় তিন দিন পানি কিনতে পারেননি। লোনাপানি পান করে তাঁর নাতি আশিক বিল্লাল ডায়রিয়ায় ভুগছে।মধ্য খলিশাবুনিয়া গ্রামের অশীতিপর ভাগ্য বিবি জানান, নিজে চলাফেরা করতে পারেন না। তাঁর ছেলে বুড়িগোয়ালিনী গ্রাম থেকে দেওয়া মাথাপিছু দুই লিটার পানি (রেশনিং পদ্ধতিতে) নিয়ে আসেন। তিনি আরও বলেন, গরমের মধ্যে বেশি পানি লাগে। বাড়তি পাত্র নিয়ে গেলে দায়িত্বরত কর্মকর্তারা পানি না দিয়ে ফিরিয়ে দেন। ৯ নম্বর সোরা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রী মায়া জানায়, সে নৌকায় করে সাড়ে পাঁচ কিলোমিটার দূরের জেলেখালি থেকে পানি আনে। এ জন্য নৌকা ভাড়া বাবদ খরচ হয় ২০০ টাকা। কয়েকটি পরিবার একসঙ্গে যাওয়ায় তাদের প্রত্যেকের পানি নিয়ে আসতে ১৫-২০ টাকা খরচ হয়। একই গ্রামের তোফাজ্জল গাজী (৬০) জানান, আইলার আগে তাঁরা চকবারা স্কুলের পুকুরের পানি ব্যবহার করতেন। কিন্তু আইলায় সবকিছু ডুবে লবণাক্ত হয়ে পড়ায় এখন নৌকা নিয়ে বুড়িগোয়ালিনী থেকে রেশনিং পদ্ধতিতে পানি সংগ্রহ করতে হচ্ছে। তাঁর পরিবারের সাত সদস্যের জন্য প্রতিদিন মাত্র ২১ লিটার পানি বরাদ্দ থাকলেও ওই পানি তাঁদের চাহিদা মেটাতে পারছে না। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম শফিউল আযম জানান, আইলার আগে তাঁর ইউনিয়নের ১৫টি গ্রামের মধ্যে গাবুরা, জেলেখালি, লেবুবুনিয়া ও পারশেমারি গ্রামে সফলভাবে নলকূপ স্থাপন সম্ভব হয়েছিল। বাকি ১১টি গ্রামের মানুষ পুকুরের পানি পান করত। কিন্তু আইলার পর লোনাপানিতে ইউনিয়নের ৪২টি পুকুরের মধ্যে ৪১টিই তলিয়ে গেছে। যে চারটি নলকূপ ছিল, আইলার পর সেগুলো থেকেও লোনাপানি উঠছে। তার পরও বাধ্য হয়ে মানুষ ওই পানি পান করছে।জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শামিম আহমেদ জানান, খাওয়ার পানির তীব্র সংকট চলছে। কিন্তু তাঁদের কোনো বরাদ্দ নেই। ইউনিসেফ থেকে অল্পকিছু বরাদ্দ পেয়েছিলেন, তা দিয়ে প্রতিদিন গাবুরায় ৮-১০ হাজার লিটার ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের বুড়িগোয়ালিনী ও কলবাড়িতে দুই থেকে তিন হাজার লিটার পানি সরবরাহ করা হচ্ছে।