গত ২ অক্টোবর প্রথম আলোর আইন অধিকার পাতায় ‘হেফাজতের অধিকার চেয়ে বাবা, মা এবং নানির মামলা: শিশু মাইশা থাকবে কার কাছে?’ শিরোনামের যে প্রতিবেদন ছাপা হয়েছে, এর অধিকাংশই লেখক প্রশান্ত কর্মকার ভুল ও অসত্য তথ্যের ভিত্তিতে মনগড়া বক্তব্য দিয়েছেন। তিনি তাঁর লেখায় উল্লেখ করেছেন: ‘মুসলিম পারিবারিক আইনের বিধান মতে, নাবালিকা শিশু মায়ের কাছে থাকবে। মা যদি কোনো কারণে নিতে অস্বীকার করেন, তবে বাবা সন্তানের দায়িত্ব নেবেন। কিন্তু মা-বাবা দুজনই যদি সন্তান লালনপালনে অস্বীকার করেন, তবে প্রথমে মায়ের, পরে বাবার পরিবার সেই সন্তানকে নেওয়ার অধিকার রাখে।’ লেখক আইনের সঠিক বিষয় অনুধাবন না করেই ওই লেখা লেখেন। নাবালিকার স্বাভাবিক অভিভাবক বাবা—এ কথা সঠিক, কিন্তু নাবালিকার হেফাজতের ক্ষেত্রে মুসলিম আইনের (ডিএফ মোল্যা প্রণীত বই) ৩৫৩ ধারায় মায়ের অবর্তমানে, অর্থাৎ মা যদি হেফাজতের অধিকার হারান, তবে সাত বছরের কম বয়সী বালক ও বয়ঃসন্ধিতে পদার্পণ করেনি, এমন বালিকার হেফাজতের অধিকার সর্বপ্রথম—১. মায়ের মা যতই ঊর্ধ্বগামী হন, ২. বাবার মা-ক্রম যতই ঊর্ধ্বগামী হন, ৩. পূর্ণ ভগিনী, ৪. বৈপিত্রেয় ভগিনী, ৫. স্বগোত্রীয় বা বৈমাত্রের ভগিনী, ৬. পূর্ণ ভগিনীর কন্যা, ৭. বৈপিত্রেয় ভগিনীর কন্যা, ৮. স্বগোত্রীয় ভগিনীর কন্যা, ৯. খালা, ভগিনীর ন্যায় একই ক্রমানুসারে এবং ফুফু, ভগিনীর ন্যায় ক্রমানুসারে। ওই মুসলিম আইনের ৩৫৫ ধারায় উল্লেখ আছে—‘মহিলা জাতির অবর্তমানে পুরুষ ব্যক্তিগণ হেফাজত পাইতে পারেন। সে ক্ষেত্রে পিতার অবস্থান অগ্রে।’ লেখক মামলা সম্পর্কে যে বিবরণ দিয়েছেন, তা-ও সঠিক নয়। প্রকৃত বিষয় হচ্ছে, নাবালিকা জারিয়া মাইশার মা আরজুল নুসরাত জাহান আরজুল ইকরাম জব্বারের নির্যাতনের কারণে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থায় অভিযোগ দায়ের করলে সংস্থার মাধ্যমে সিদ্ধান্ত হয়, প্রতি শুক্রবার নাবালিকার বাবা নাবালিকাকে সকালে নিয়ে সন্ধ্যায় ফেরত দেবেন। ২০০৯ সালের ৩ জুলাই নাবালিকার বাবা মেয়েকে নিয়ে যান। কিন্তু সন্ধ্যায় আর ফেরত দেন না। এ অবস্থায় নাবালিকার মা নুসরাত জাহান আরজুল ইকরাম জব্বারের বাসায় গেলে তাঁকে বাসা থেকে বের করে দেওয়া হয়। ফলে নাবালিকার মা ফৌজদারি কার্যবিধির ১০০ ধারা অনুযায়ী পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলার মাধ্যমে ২০০৯ সালের ৯ জুলাই নাবালিকাকে উদ্ধার করে নাবালিকার নানির বাড়িতে বসবাস করতে থাকে। সেই থেকে নাবালিকা তার নানির হেফাজতে লালিত-পালিত হচ্ছে। এ অবস্থায় নাবালিকা যাতে নানির হেফাজতে থাকতে পারে, তার জন্য নাবালিকার নানি পারিবারিক আদালতে মামলা করেন। অন্যদিকে আরজুল ইকরাম জব্বার নাবালিকার হেফাজত চেয়ে অপর একটি মামলা করেন। উভয় মামলায় উভয় পক্ষ অন্তর্বর্তীকালীন হেফাজতের প্রার্থনার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ পারিবারিক আদালত ২০১০ সালের ১৮ মার্চে এক আদেশে মোকদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাবালিকা বাবার হেফাজতে থাকতে পারে মর্মে মন্তব্য করে ১০ দিনের মধ্যে নাবালিকাকে তার বাবার হেফাজতে দেওয়ার নির্দেশ দিলে নাবালিকার নানি ওই আদেশের বিরুদ্ধে আপিল করেন। আপিল আদালত বিচারিক আদালতের রায় বহাল রাখেন। এ অবস্থায় নাবালিকার নানি হাইকোর্টে দুটি সিভিল রিভিশন দায়ের করেন। ওই সিভিল রিভিশন দুটি একত্রে শুনানি করে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট এ মর্মে রায় প্রদান করেন যে, ‘দুই পক্ষের মধ্যে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদী নানি মল্লিক জাহানের হেফাজতে থাকবে।’ তাই ১৮ মার্চ পারিবারিক মোকদ্দমাটি খারিজ করা মর্মের বক্তব্যটি সঠিক নয়। তৎপ্রেক্ষিতে আরজুল ইকরাম জব্বার লিভ টু আপিল দায়ের করেন। এটা একটা চলমান বিচারিক-প্রক্রিয়া এবং বর্তমানে বিজ্ঞ বিচারিক আদালতে মোকদ্দমা শুনানির জন্য আছে। অন্যদিকে হাইকোর্টের ওই আদেশ পালন না করে মাইশাকে জোর করে নিয়ে যান আরজুল। গত ১৮ জানুয়ারি এ অবস্থায় নানি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় মামলা করলে থানা কর্তৃপক্ষ নাবালিকাকে উদ্ধার করে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত নাবালিকাকে নানির হেফাজতে প্রদান করেন। আরজুল ইকরাম পারিবারিক আদালতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক হাইকোর্টের আদেশ স্থগিতের বর্ণনা দিয়ে নাবালিকার অন্তর্বর্তীকালীন হেফাজত পাওয়ার আবেদন করলে বিজ্ঞ আদালত ২০১০ সালের ২১ জুন এই মর্মে আদেশ দেন যে, ‘নাবালিকার অন্তর্বর্তীকালীন হেফাজতের বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন। এ অবস্থায় এ-সংক্রান্ত আদেশ প্রদান করা হলে পুনরায় জটিলতা সৃষ্টি হইবে। অতএব, দরখাস্তটি নামঞ্জুর করা হইল। তবে নাবালিকার বাবার সাথে নাবালিকাকে সময় সময় দেখা করার জন্য সুযোগ করিয়া দিতে বিবাদীকে নির্দেশ দেওয়া গেল।’ বিজ্ঞ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে নাবালিকার বাবা আরজুল ইকরাম জব্বার বেশ কয়েকবার নাবালিকার নানির বাসায় এসে নাবালিকার সঙ্গে দেখা করে গেছেন। উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক নাবালিকাকে মাসে দুবার দেখার বিষয়টি বিজ্ঞ বিচারিক আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে। নাবালিকা মাইশার ছবিসহ যে বিবৃতি প্রদান করেছেন, তা প্রত্যাহার করার জন্য অনুরোধ করা গেল।নজরুল ইসলাম মল্লিক, মাইশার নানাপ্রতিবেদকের বক্তব্য: প্রতিবেদনে কোনোভাবেই কোনো তথ্য বিভ্রাট বা মনগড়া বক্তব্য দেওয়া হয়নি। মাইশার হেফাজত-সংক্রান্ত আইনের বক্তব্য আদালতের দেওয়া মামলার আদেশের হুবহু বক্তব্য। এটা প্রতিবেদকের বক্তব্য নয়। মামলার বিবরণও দুই পক্ষের আরজি, জবাব ও মামলার প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত থেকেই তুলে ধরা হয়েছে। এ বিষয়ে প্রতিবেদনটি লেখার সময় মাইশার নানা-নানি টেলিফোনে শুধু জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। অন্য কোনো তথ্য দিতে তাঁরা রাজি হননি।