মানবতাবিরোধী অপরাধের বিচার
মাঈনউদ্দিন ও আশরাফের বিরুদ্ধে ১৮ বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগ
মুক্তিযুদ্ধ শেষে রায়েরবাজার বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবী আবদুল আলীম চৌধুরী এবং ফজলে রাব্বির লাশ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। লাশ শনাক্ত করার পর তাঁদের স্বজনেরা দেখেন, চক্ষু বিশেষজ্ঞ আলীম চৌধুরীর চোখ উপড়ানো এবং হূদেরাগ বিশেষজ্ঞ ফজলে রাব্বির হূৎপিণ্ড টেনে তোলা হয়েছে।এই দুজনসহ বরেণ্য ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার অভিযোগ আনা হয়েছে চৌধুরী মাঈনউদ্দিন ও মো. আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে। একাত্তরে এই দুজন ছিলেন ইসলামী ছাত্র সংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) সদস্য এবং এসব হত্যাকাণ্ডের মূল হোতা। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা তাঁদের বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদনে এসব হত্যাকাণ্ডের অভিযোগ এনেছে।রাজধানীর বেইলি রোডের কার্যালয়ে তদন্ত সংস্থা গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানায়। তদন্ত প্রতিবেদনটি আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে জমা দেওয়া হতে পারে।তদন্ত সংস্থা জানায়, একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশকে মেধাশূন্য করতে নৃশংস ও পরিকল্পিতভাবে হত্যা করা হয় বরেণ্য বুদ্ধিজীবীদের। আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনউদ্দিন উচ্চপর্যায়ের নির্দেশে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে অংশ নেন। মাঈনউদ্দিন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’, আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। তাঁরা ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ঢাকায় সশস্ত্র অবস্থায় বুদ্ধিজীবীদের অপহরণ করে মোহাম্মদপুরের শারীরিক শিক্ষাকেন্দ্রে আটকে রেখে নির্যাতন করেন। পরে তাঁদের মিরপুর ও রায়েরবাজার বধ্যভূমিতে নিয়ে হত্যা করা হয়।তদন্ত সংস্থার সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, এই দুজনের বিরুদ্ধে যে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার ১৮টি অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে নয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিৎসক। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা হলেন: অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক মুনীর চৌধুরী, অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, আবুল খায়ের, সন্তোষ ভট্টাচার্য, সিরাজুল হক খান ও ফয়জুল মহি। চিকিৎসকেরা হলেন: মো. মর্তুজা, আলীম চৌধুরী ও ফজলে রাব্বী। সাংবাদিকেরা হলেন: দৈনিক ইত্তেফাক-এর নির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেন, পিপিআই-এর (পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল) প্রধান প্রতিবেদক সৈয়দ নাজমুল হক, দৈনিক পূর্বদেশ-এর প্রধান প্রতিবেদক আ ন ম গোলাম মোস্তফা, বিবিসির সংবাদদাতা নিজাম উদ্দিন আহমদ, শিলালিপির সম্পাদক সেলিনা পারভীন এবং দৈনিক সংবাদ-এর যুগ্ম সম্পাদক ও সাহিত্যিক শহীদুল্লা কায়সার।তদন্ত সংস্থার সহসমন্বয়ক এম সানাউল হক বলেন, তদন্তে পাওয়া তথ্য অনুসারে মাঈনউদ্দিন বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে থাকেন, তিনি মুসলিম এইড নামের একটি সংস্থার প্রধান। আশরাফুজ্জামান একসময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে থাকলেও বর্তমানে থাকেন নিউইয়র্কে। ট্রাইব্যুনাল তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা সমন জারি করলে তাঁদের দেশে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। তা ছাড়া তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ চলতে পারে।তদন্ত সংস্থা জানায়, একাত্তরে মাঈনউদ্দিন ও আশরাফুজ্জামানের অপহরণের প্রথম শিকার হন সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন। ১০ ডিসেম্বর রাতে তাঁকে চামেলীবাগের বাসা থেকে অপহরণ করা হয়। ওই রাতেই অপহরণ করা হয় নাজমুল হককে। ১১ ডিসেম্বর ভোররাতে গোলাম মোস্তফা, ১২ ডিসেম্বর নিজাম উদ্দিন ও ১৩ ডিসেম্বর সেলিনা পারভীনকে অপহরণ করা হয়। ১৪ ডিসেম্বর শহীদুল্লা কায়সার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়জন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক মো. মর্তুজা অপহূত হন। ১৫ ডিসেম্বর আলিম চৌধুরী ও ফজলে রাব্বীকে অপহরণের পর নির্যাতন করে হত্যা করা হয়। ১৮ ডিসেম্বর রায়েরবাজার বধ্যভূমি থেকে সেলিনা পারভীনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। অন্য সাংবাদিকদের লাশ পাওয়া যায়নি। মুনীর চৌধুরী ও মোফাজ্জল হায়দার চৌধুরী ছাড়া বাকি শিক্ষকদের লাশ পাওয়া যায় মিরপুর বধ্যভূমিতে। তদন্তে পাওয়া গেছে, আশরাফুজ্জামান ও মাঈনউদ্দিনের নেতৃত্বে আলবদর বাহিনীর একটি সশস্ত্র দল পরিকল্পিতভাবে ইপিআরটিসির (পূর্ব পাকিস্তান সড়ক পরিবহন সংস্থা) কাদা মাখানো মিনিবাস নিয়ে বুদ্ধিজীবীদের অপহরণ করে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করে।তদন্ত সংস্থা জানায়, আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। তদন্ত কর্মকর্তা মো. শাহজাহান কবীর গত বছরের ২৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেন। মাঈনউদ্দিনের বাড়ি ফেনীর দাগনভূঞা থানার চাঁনপুর চৌধুরীবাড়ী (জগৎপুর ফালিজের ঘাট) গ্রামে। একই সময়ে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেন মো. আতাউর রহমান। তাঁদের বিরুদ্ধে ৪৫ জন সাক্ষী রয়েছেন।