মাউশি, এনসিটিবি ও নায়েমের তিন পরিচালক বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) তিনটি পরিচালক পদে রদবদল করা হয়েছে। এ বিষয়ে আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় এক আদেশ জারি করে।এর মধ্যে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) দীপক কুমার নাগকে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) মো. আবুল কাশেম মিয়াকে। ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মো. শফিকুর রহমানকে করা হয়েছে মাউশির পরিচালক (মাধ্যমিক)। বেশ কিছুদিন ধরে এই পদটি খালি ছিল। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সমাজকল্যাণ বিভাগের অধ্যাপক ইফফাত আরা নার্গিসকে নায়েমের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) করা হয়েছে। একই আদেশে নারায়ণগঞ্জ তোলারাম কলেজের শিক্ষক মো. সফিকুল ইসলাম আকন্দকে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ, যশোরের সরকারি এমএম কলেজের শিক্ষক প্রদীপ বড়ুয়াকে বান্দরবান সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও একই কলেজের অধ্যক্ষ মো. রহুল আমীনকে চট্টগ্রামের গাছবাড়িয়া সরকারি কলেজে সহযোগী অধ্যাপক পদে বদলি করা হয়েছে।