মাউশির উপপরিচালক রেবেকা সুলতানা ওএসডি
শিক্ষা মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ঢাকা অঞ্চলের উপপরিচালক রেবেকা সুলতানাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আজ বুধবার তাঁকে শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে সংযুক্ত করা হয়েছে।সম্প্রতি সংসদীয় কমিটির সভায় রেবেকা সুলতানার বিরুদ্ধে একজন নারী সাংসদ দুর্নীতি, অনিয়ম ও নৈতিক স্খলনের অভিযোগ তোলেন। তাঁকে শিক্ষার গুরুত্বপূর্ণ এই পদ থেকে সরিয়ে দেওয়ার সুপারিশ করে সংসদীয় কমিটি। এই পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।আজ শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত রেবেকা সুলতানাকে শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত রাখার সিদ্ধান্ত জানানো হয়। তাঁর পরিবর্তে ঢাকা অঞ্চলে উপপরিচালকের সাময়িক দায়িত্ব পালন করবেন শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখার উপপরিচালক বেগম সিরাজুম মুনিরা।