ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার প্রায় এক কিলোমিটার রাস্তা আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। মহাসড়কের এই অংশ বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। খোয়া-বালু দিয়ে সাময়িকভাবে মেরামত করা গর্তগুলো পুরোনো চেহারায় ফিরে গেছে।গতকাল রোববার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গিয়ে দেখা যায়, দুই পাশে ভর্তি হয়ে যাওয়া নিষ্কাশন নালার পানি ও গর্তের খোয়া-বালু উঠে গোটা এলাকা সয়লাব হয়ে গেছে। রাস্তায় পায়ে হেঁটে চলাচলও কষ্টসাধ্য হয়ে পড়েছে।এলাকাবাসী জানান, রাস্তার এই অংশের বড় গর্তগুলো খোয়া-বালু দিয়ে ঈদের আগে সাময়িকভাবে ভরাট করা হয়েছিল। ঈদের সময় ভারী যানবাহনের চাপে খোয়া-বালু সব উঠে গেছে। আর গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সেসব ধুয়ে গেছে। পড়ে আছে সেই পুরোনো গর্ত।ক্ষুদ্র ব্যবসায়ী মো. আবদুল কাইয়ুম বলেন, কাদায় সয়লাব পুরো এলাকায় হাঁটাচলা করা যায় না। রাস্তা খারাপ থাকায় ব্যবসার কাজে অনেকে মাওনা আসতেও চান না।বৃষ্টির পানিতে ভর্তি হয়ে যাওয়া এই গর্তগুলোর গভীরতা গাড়ির চালকেরা বুঝতে পারছেন না। চাকা গর্তে পড়ে বাস, ট্রাক ও কাভার্ড ভ্যানগুলো কাত হয়ে যাচ্ছে।মাওনা চৌরাস্তার একটি গাড়ি সারাইয়ের দোকানের শ্রমিক অভীক বলেন, গত শনিবার একটা ট্রাকের চাকা গর্তের মধ্যে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর গাড়িটি সচল হয়। ততক্ষণে রাস্তার দুই দিকে যানজট লেগে গেছে। ওই দিন হোতাপাড়া থেকে বাঘের বাজার পর্যন্ত ১০ কিলোমিটার যানজট ছিল।জানতে চাইলে গাজীপুরের সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী অলিউল হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, বৃষ্টির জন্য মাওনা চৌরাস্তায় পিচ ঢালাই দেওয়া যাচ্ছে না। বৃষ্টি থামলে রাস্তায় ঢালাই দেওয়া হবে।নিষ্কাশন নালা ভর্তি হয়ে যাওয়া এবং জলাবদ্ধতা নিরসনে কী করা হবে, তা ওই প্রকৌশলী বলতে পারেননি। গতকাল মহাসড়কের ওই অংশে যাননি উল্লেখ করে অলিউল হোসেন বলেন, ‘নালা পানিতে ভর্তি হয়ে গেলে কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে।’গতকাল বিকেল চারটার দিকে মহাসড়কের ওই অংশে একটি গর্ত খোয়া-বালু দিয়ে ভরাট করা হচ্ছিল। জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক পরিচয় দিয়ে মো. শরিফুল ইসলাম বলেন, রাস্তার এই অংশে পিচের ঢালাই না করা পর্যন্ত এমন অবস্থা চলতে থাকবে। টানা বৃষ্টির কারণে ঢালাই দেওয়া যাচ্ছে না।অস্থায়ী নালা ভরাট: পানিনিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় মাওনা চৌরাস্তার দুই পাশে মাটি কেটে অস্থায়ী নালা তৈরি করা হয়েছে। এলাকাবাসী জানান, ঈদের কয়েক দিন আগে ওই নালা তৈরি করা হয়েছিল। কিন্তু বৃষ্টির পানিতে অস্থায়ী নালাও ভর্তি হয়ে গেছে। নালার কয়েকটি জায়গা দিয়ে পানি উপচে রাস্তায় পড়ছে। জমা হচ্ছে গর্তে। অস্থায়ী নালার জন্য রাস্তার পাশে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী সুরুজ মিয়া। তিনি বলেন, নালা থেকে পানি সরে যাওয়ার কোনো জায়গা নেই। রাস্তার পাশে পানি আটকে ছোটখাটো ডোবা হয়ে গেছে।দুই পাশে দাঁড়িয়ে ট্রাক: মহাসড়কের ভাঙাচোরা অংশের দুই পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক ওই এলাকার যানজট বাড়িয়ে তুলেছে। কয়েক দিন ধরে পড়ে থাকা এসব ট্রাকের কারণে রাস্তা একেবারেই সংকীর্ণ হয়ে গেছে। স্বাভাবিক গাড়ি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।