মাওবাদীদের ডাকা বনধের দ্বিতীয় দিনে সহিংসতায় নিহত ২
মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার বনধের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গসহ কয়েকটি রাজ্যে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছে। জানা গেছে, পশ্চিমবঙ্গে আজ দুইজন খুন হয়েছেন। তাঁদের মধ্যে একজন খুন হয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রামের দুবরাজপুরে। মাওবাদীরা এই দুইজনকে খুন করেছে বলে সন্দেহ করা হচ্ছে। বিহারের মজফফরপুর জেলার চৌসিমা গ্রামের কাছে মজফফরপুর-সমস্তিপুর রেললাইনে বিস্ফোরণটি ঘটে। এ ছাড়া ওড়িশার চণ্ডীপোস গ্রামে দুটি ফরেস্ট বিট অফিসের ভবন ও চণ্ডীপোস রেলস্টেশনের কাছে একটি বাড়িতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। এসবের জন্য মাওবাদীদেরই দায়ী করা হচ্ছে।প্রসঙ্গত, মাওবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও দলের মুখপাত্র চেরুকুরি রাজকুমার ওরফে আজাদের হত্যার প্রতিবাদে মাওবাদীরা ৪৮ ঘণ্টার বনধ ডাকে। গতকাল সোমবার সকাল থেকে এ বনধ শুরু হয়। এই বনধ ডাকা হয়েছে মাওবাদী অধ্যুষিত ছয় রাজ্য—অন্ধ্র প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওড়িশা, বিহার ও পশ্চিমবঙ্গ; মহারাষ্ট্রের মাওবাদী অধ্যুষিত তিনটি জেলা গড়চিরৌলি, চন্দ্রপুর ও ভান্ডারা এবং মধ্য প্রদেশের মাওবাদী অধ্যুষিত বালাঘাট জেলায়।