মাওবাদীদের সমর্থনে দিল্লির জেএনইউতে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে গত শুক্রবার রাতে শিক্ষার্থীদের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। সিআরপিএফের ৭৬ জন সদস্য হত্যাকাণ্ডের সমর্থনে নকশালপন্থী শিক্ষার্থীদের এক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়।ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই), অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) ও ইয়ুথ ফর ইকুইটি (ওয়াইএফই) অভিযোগ করেছে, জেএনইউ ফোরাম এগেইনস্ট ওয়ার অন পিপল আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল মাওবাদীদের দান্তেওয়াদা হত্যাকাণ্ডের সমর্থনে। কিন্তু সংগঠনটি বলছে, সভাটি ছিল সরকার পরিচালিত ‘অপারেশন গ্রিন হান্ট’ বিরোধী।ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়ার (এনএসইউআই) সাধারণ সম্পাদক শেখ শাহ নেওয়াজ বলেন, ‘ডেমোক্রেটিক স্টুডেন্টস ইউনিয়ন (ডিএসইউ) ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ) ৭৬ জন সিআরপিএফ সদস্যদের হত্যাকাণ্ডের পক্ষে এক সভা আয়োজন করে। এমনকি তারা ‘ভারত নিপাত যাক, মাওবাদ জিন্দাবাদ’ শ্লোগান দিচ্ছিল। তিনি বলেন, একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা কীভাবে মেনে নেওয়া যায়?এনএসইউআই ও এবিভিপির কর্মীরা এ অনুষ্ঠান আয়োজনকে বিরোধিতা করে মিছিলসহ অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে গেলে দুই দলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ভারত কুমার বলেন, কীভাবে কর্তৃপক্ষ ক্যাম্পাসে ভারতবিরোধী সংগঠনকে অনুষ্ঠান করতে দেয়?ঘটনার নিন্দা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বি বি ভট্টাচার্য বলেন, যে মুহূর্তে জাতি ৭৬টি মূল্যবান জীবন হারিয়েছে, ঠিক সেই মুহূর্তে এ জায়গায় এমন কোনো সভা আয়োজন রীতিমতো অনুভূতিহীন। তারা সভার আয়োজনে কোনো অনুমতি নেয়নি। বিষয়টি বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী, যা তারা ভঙ্গ করেছে। উপাচার্য আরও বলেন, বেশ কিছু শিক্ষার্থী ও কয়েকজন নিরাপত্তাকর্মী এ ঘটনায় আহত হয়েছেন।জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ফোরাম এগেইনস্ট ওয়ার অন পিপলের সদস্য সামার পাণ্ডে বলেন, ‘সভা করতে আগেই কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে। এনএসইউআই ও এবিভিপির কর্মীরা অপারেশন গ্রিন হান্ট বিরোধী সভা পণ্ড করতে চেয়েছিলেন। এ ছাড়া তাঁরা আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন।’এ ব্যাপারে সহকারী ডিন সচিদানন্দ সিনহা বলেন, ‘ক্যাম্পাসের মধ্যে শান্তিশৃঙ্খলা নষ্ট হয়—এমন কিছু সহ্য করা হবে না। সোমবার আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।’ টাইমস অব ইন্ডিয়া