স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
মাওবাদীদের হিংসার পথ ছেড়ে আলোচনার টেবিলে বসার আহ্বান
ভারতের ৬৪তম স্বাধীনতা দিবস আজ রোববার পালিত হচ্ছে। এ দিবসের প্রাক্কালে গতকাল শনিবার ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল জাতির উদ্দেশে এক ভাষণে মাওবাদীদের প্রতি হিংসা ছেড়ে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন। একই আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও। তিনি আজ রোববার সকালে রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মাওবাদীদের হিংসার পথ ছেড়ে জীবনের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর ভাষণে সন্ত্রাসকে বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে বলেন, এ সমস্যা মোকাবিলার জন্য সব দেশের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসা উচিত। রাষ্ট্রপতি মাওবাদীদের জীবনের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছেন, শান্তির বাতাবরণ ছাড়া উন্নয়ন ও প্রগতির পথে কখনোই এগোতে পারবে না দেশ। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান করা সম্ভব। তাই এ লক্ষ্যে খোলা মনে এগিয়ে আসতে হবে এবং একের দৃষ্টিভঙ্গি অপরকে বুঝতে হবে। এদিকে আজ সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মনমোহন সিংও মাওবাদীদের হিংসার পথ ত্যাগ করে জীবনের মূলস্রোতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেন, মাওবাদী সমস্যা আজ দেশের বড় সমস্যা। তাই এ সমস্যা মোকাবিলা করতে হবে আলোচনার মাধ্যমে। একই সঙ্গে তিনি মাওবাদী অধ্যুষিত রাজ্যে উন্নয়নের লক্ষ্যে সার্বিক সাহায্য সহযোগিতারও আশ্বাস দেন।