মাওবাদীরা আমাকে হত্যা করতে চায়: মমতা
পশ্চিমবঙ্গে মাওবাদীদের অস্তিত্ব নিয়ে এতদিন নানা প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে অন্যদের আলোচনা-সমালোচনা উড়িয়ে দিতেন। বলতেন, ওরা আর কেউ নয়, সিপিএমের লোক। যদিও সিপিএম বারবার প্রতিবাদ করেছে মমতার এই মন্তব্যের। এবার সেই মমতাই মাওবাদীদের ব্যাপারে মুখ খুললেন। বললেন, মাওবাদীরা তাঁকেও হত্যা করতে চাইছে। তাদের টার্গেটের মুখে রয়েছেন তিনি। আজ সোমবার সকালে একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এসব কথা বলেন।মমতা বলেন, ‘মাওবাদীরা আমাকে, কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসের অন্য নেতাদের হত্যা করতে চাইছে।’মমতা জানান, কয়েক দিন আগে কয়েকজন মাওবাদীকে তাঁর কালীঘাটের বাড়ির কাছাকাছি ঘোরাফেরা করতে দেখা গেছে। কিছুদিন আগেই জঙ্গলমহলে একটি সভায় এক মাওবাদী নেতা বলেছেন, তৃণমূল কংগ্রেসের সব নেতাই তাঁদের টার্গেটের তালিকায় রয়েছেন।তবে মাওবাদীদের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের হত্যা করে তাঁকে দমানো যাবে না। বরং যারা মানুষকে ভুল পথে পরিচালিত করছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া হবে। তবে অস্ত্র দিয়ে নয়, রাজনৈতিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাওবাদীদের মোকাবিলা করা হবে বলে তিনি জানান।কয়েক দিন আগেই জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের এক নেতাকে মাওবাদীরা খুন করেছে। গতকাল রোববারও খুন করে দুজনকে। এই খুনের ঘটনায় ক্ষুব্ধ মমতা মাওবাদীদের জঙ্গল মাফিয়া হিসেবে চিহ্নিত করে বলেন, ‘মাওবাদী সমস্যার সুষ্ঠু সমাধান আমরা চেয়েছিলাম। সেজন্য আলোচনা শুরুর জন্য মধ্যস্থতাকারীও নিয়োগ করা হয়েছে।’ কিন্তু তারা যেভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে, তাতে আর আলোচনা সম্ভব নয় বলে মনে করেন তিনি।মমতা অভিযোগ করেন, সরকার যখন আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরি করতে চাইছে, ঠিক তখনই আলোচনা বাতিলের চক্রান্ত চলছে। তিনি বলেন, শান্তি কখনো একমুখী প্রক্রিয়া হতে পারে না। মুখ্যমন্ত্রী বলেন, ‘মাওবাদীদের নাম করে স্থানীয়ভাবে সক্রিয় সব দলের নেতাদের মাওবাদীরা খুন করছে। অথচ আমরা চাই, জঙ্গলমহলের উন্নয়ন। আমরা গরিব মানুষগুলোকে কাজ দিতে চাই, খাদ্য দিতে চাই।’ কিন্তু মাওবাদীরা সেটা করতে দিচ্ছে না কেন—এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আসলে গরিবের কথা বললেও গরিবের প্রতি তাদের কোনো সহানুভূতি নেই। মমতা অভিযোগ করেন, বেশ কিছু বেসরকারি সংস্থা (এনজিও) মাওবাদীদের হয়ে অস্ত্র কিনছে ও চাঁদা আদায় করছে। ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কও মাওবাদীদের নামে প্রচার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র-যুবকদের ভবিষ্যতের কথা ভেবে এসব প্রচারণা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন। বেশ কিছু গণমাধ্যমও যে মাওবাদীদের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, সে কথাও মমতা স্মরণ করিয়ে দেন।