মাওয়া ও পাটুরিয়া-দৌলতদিয়া দীর্ঘ যানজট, দুর্ভোগ যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কমপক্ষে ১৭ জেলায় সড়কে চলাচল আটকে গেছে মাওয়া ঘাটে। ১৫ দিনেরও কম সময়ের মধ্যে তিনটি ফেরিঘাট নদীতে বিলীন হওয়ার কারণেই এ অবস্থা হয়েছে। সর্বশেষ গতকাল সোমবার মাওয়ার সবচেয়ে বড় (রো রো ফেরির ঘাট) ৩ নম্বর ফেরিঘাটটিও পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যানজটের কারণে ঈদে ঘরমুখী মানুষ ও গরু ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। যানজটের কারণে চার থেকে পাঁচ ঘণ্টা ধরে পারের জন্য অপেক্ষায় থাকছে যানবাহনগুলো।গত রোববার থেকে জোড়াতালি দিয়ে মাওয়া গোল চত্বরের কাছে এবং ঋষিপাড়ায় দুটি বিকল্প ঘাট করা হয়েছে। তবে গতকাল দুপুর আড়াইটা পর্যন্ত সেগুলো পুরোপুরি চালু করা যায়নি। এতে ঘণ্টার পর ঘণ্টা মাওয়া ফেরিঘাটে বসে দুর্ভোগ পোহাচ্ছে ঈদ ও পূজার ছুটিতে ঘরমুখী মানুষ। অনেক শিশু, নারী ও বৃদ্ধকে অসুস্থ হয়ে পড়তে দেখা গেছে। ভুক্তভোগী, পরিবহনকর্মী ও পুলিশ বলছে, এ অবস্থা চলতে থাকলে ঈদে দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি যাওয়া কঠিন হয়ে পড়বে। মাওয়া ঘাট থেকে ঢাকার দিকে কমপক্ষে দুই কিলোমিটার পর্যন্ত ট্রাকের সারি দেখা গেছে। ৭ থেকে ১৫ অক্টোবরের মধ্যে মাওয়া-১ ও ২ নম্বর ঘাট নদীভাঙনে বিলীন হয়। ৩ নম্বর ঘাট বিলীন না হলেও ভাঙনের হুমকি থাকায় গতকাল পরিত্যক্ত করা হয়। অভিযোগ পাওয়া গেছে, ঘাটসংকটের সুযোগে লাইন ভেঙে বাস ও ট্রাক আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়ার বিনিময়ে ২০০ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। এই অর্থ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), পুলিশ ও স্থানীয় প্রভাবশালীরা পাচ্ছেন। হা-মিম পরিবহনের যাত্রী তামান্না আখতার যাবেন খুলনার তেরখাদা এবং মৌসুমী আখতারের গন্তব্য ফরিদপুরের ভাঙ্গা। দুজনই জানান, বেলা ১১টা থেকে তিন ঘণ্টায় ১০০ গজও এগোতে পারেনি তাঁদের বাস। মৌসুমী জানান, তাঁর কোলের শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা কখন বাড়ি ফিরবেন, তা অনিশ্চিত হয়ে পড়ছে। দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কে বেলা ১১টার দিকে বাসের লম্বা লাইন ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়ে। বেলা একটার দিকে প্রায় ছয় কিলোমিটার পর্যন্ত যানবাহনের লম্বা লাইন পড়ে যায়। গরুর ট্রাক থেকে অতিরিক্ত টাকা নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) বুকিং কাউন্টারে কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে। ভোগান্তির শিকার চালকেরা অভিযোগ করেন, গরুবোঝাই ট্রাকের ফেরি ভাড়া এক হাজার ৬০ টাকা। কিন্তু দালালেরা তাঁদের কাছ থেকে আদায় করছেন এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা। পুলিশকে বলেও কোনো লাভ হচ্ছে না। ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী চিত্রা পরিবহনের চালক আলমগীর হোসেন বলেন, দুপুর ১২টার দিকে পাটুরিয়া ঘাটে এসে তিনি যানজটের কবলে পড়েন। দুই ঘণ্টা অপেক্ষার পরও তিনি ফেরিতে উঠতে পারেননি। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ প্রসঙ্গে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, বুকিং কাউন্টার থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয় না। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আশিকুজ্জামান বলেন, স্বাভাবিক সময়ে মাওয়া ঘাটে তাঁদের ফেরি ২৪ ঘণ্টায় ৮০ বার আসা-যাওয়া করে। গতকাল সকাল ছয়টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সাড়ে আট ঘণ্টায় ১৪টি ফেরি চলে।