দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের মাওয়া থেকে মাদারীপুরের কাওরাকান্দি এবং মানিকগঞ্জের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি, লঞ্চ, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) নির্দেশে মাওয়া-কাওরাকান্দি নৌপথে গত বৃহস্পতিবার দুপুর থেকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল শুক্রবার রাত থেকে নৌযান চলছে না। আবহাওয়া ভালো হলে আজ শনিবার থেকে নৌযান চলাচল শুরু হতে পারে।এদিকে নৌযান চলাচল বন্ধ হওয়ায় ঘাটগুলোতে যাত্রীবাহী ও পণ্যবাহী বহু যান আটকা পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা গাড়ির মধ্যে থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া অঞ্চলের কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ঝোড়ো আবহাওয়ার কারণে পদ্মা উত্তাল থাকায় বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে আজ শনিবার দুপুর দুইটা পর্যন্ত মাওয়া-কাওরাকান্দি নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে আবার নৌযান চলাচল শুরু হবে। গতকাল শুক্রবার বেলা সোয়া দুইটার দিকে কাওরাকান্দি ঘাটে গিয়ে দেখা যায়, পদ্মার পানি বেড়ে ১ ও ২ নম্বর ঘাট প্লাবিত হয়েছে। ঘাটে কিশোরী, রো রো ফেরি ভাষাশহীদ বরকত, ল্যাংটিং ফেরি নোঙর করে রাখা হয়েছে। আর মাওয়া ফেরিঘাটে রাখা ছিল ফেরি ফরিদপুর, করবী, কর্ণফুলী, রানীক্ষেত, রামশ্রী, টাবলু ও যমুনা। এ ছাড়া উভয় ঘাটে অনেক লঞ্চ, স্পিডবোটসহ নৌযান নোঙর করা ছিল।বিআইডব্লিউটিসি আরিচা ও দৌলতদিয়া কার্যালয় সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার রাত নয়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল সকাল সাতটার দিকে যানবাহনের লম্বা সারি ঢাকা-আরিচা ও গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কের সাত থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। সকাল সাড়ে ১০টার পর ফেরি ও লঞ্চ চলাচল শুরু হয়।বিআইডব্লিউটিসির আরিচা ও দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান ও তানভীর হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে রাত সাড়ে সাতটা থেকে পাটুরিয়া ঘাট থেকে এবং রাত পৌনে আটটার দিকে দৌলতদিয়া ঘাট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুর্ভোগে যাত্রীরা: গতকাল বেলা সোয়া দুইটার দিকে কাওরাকান্দি ঘাটে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে ছয় শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি পদ্মা নদী পারাপারের অপেক্ষায় দেখা যায়। ঘাটে যাত্রীছাউনি না থাকায় তীব্র ঝড়-বৃষ্টির মধ্যে দক্ষিণাঞ্চলের হাজার হাজার নারী, শিশু ও পুরুষকে দুর্ভোগে পড়তে হয়। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে শৌচাগার ও শিশুখাদ্যের অভাবে দুর্ভোগের শিকার হন মা ও শিশুরা।গতকাল পাটুরিয়া ঘাটে পোশাকশ্রমিক সালমা আক্তার বলেন, ‘আমার মেয়েটার জন্য একটু দুধের ব্যবস্থা করে দেও না ভাই। অনেক ঘুরে ওর জন্য একটু দুধও জোগাড় করতে পারলাম না। ক্ষুধায় তো ও মারা যাচ্ছে।’চারটি স্পিডবোট উল্টে যায়: বৃহস্পতিবার সন্ধ্যায় নির্দেশ অমান্য করে একটি স্পিডবোট মাওয়া থেকে ছেড়ে যেতেই তীব্র ঢেউয়ে ১৩ জন যাত্রীসহ পদ্মায় উল্টে যায়। তবে সবাই তীরে উঠতে সক্ষম হয়। স্পিডবোটটি উদ্ধার করা যায়নি। গতকাল মাওয়ায় বিআইডব্লিউটিসির ভাসমান ওয়ার্কশপটি বাতাসে মাঝ পদ্মায় ভাসিয়ে নিয়ে যায়। পরে তা উদ্ধার করা হয়।কাওরাকান্দি স্পিডবোট ঘাটের এক শ্রমিক বলেন, কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে গতকাল দুপুরে প্রবল বাতাসে কয়েকজন চালক স্পিডবোটে যাত্রী নিয়ে মাওয়া ঘাট থেকে ছেড়ে আসেন। মাঝ নদীতে তিনটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সব যাত্রী তীরে উঠতে সক্ষম হয়।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন অরূপ রায়, মানিকগঞ্জ; তানভীর হাসান, মুন্সিগঞ্জ, রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী), আয়শা সিদ্দিকা, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি]