মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটে লঞ্চ ধর্মঘট অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাওয়া-কাওরাকান্দি নৌ-রুটে সিরিয়াল ভেঙে লঞ্চ চলাচল করায় গতকাল বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের লঞ্চ ধর্মঘট শুরু করে লঞ্চ মালিক সমিতি। এর রেশ ধরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে পদ্মার হাজরা চ্যানেলে আড়াআড়িভাবে লঞ্চ রেখে নৌ-অবরোধ করে রাখে লঞ্চমালিক ও শ্রমিকেরা। ফলে মাওয়া-কাওরাকান্দি রুটে নদীর মাঝে হাজার হাজার যাত্রী আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হয়। পুলিশ ও কাওরাকান্দি লঞ্চঘাট সূত্র জানায়, গতকাল এমভি সোনালী এক্সপ্রেস ও শাহপরান নামের দুটি লঞ্চ কোনো ধরনের সিরিয়াল না মেনেই যাত্রী পারাপার শুরু করে। এর প্রতিবাদে মাওয়া-কাওরাকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌ-রুটে চলাচলরত ৮১টি লঞ্চের মালিকেরা অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয়। আজ সকাল সাড়ে ১০টা থেকে নদীর মাঝে হাজরা চ্যানেলে ৮০টি লঞ্চ দিয়ে নৌ-অবরোধ সৃষ্টি করে তারা। এতে নদী পারাপারের নৌপথ বন্ধ হয়ে যায়। ফলে উভয় পার থেকে ছেড়ে আসা যাত্রী বোঝাই শতাধিক সিবোট, ট্রলারসহ নয়টি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখে। এ খবর শুনে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নদীর মাঝে অবরোধস্থলে গিয়ে ওই লঞ্চ দুটিকে আটক করে। এর পরিপ্রেক্ষিতে দুপুরে সাড়ে ১২টার দিকে অবরোধকারীরা নৌ-অবরোধ তুলে নেয়। কিন্তু মাওয়া ঘাটে একটি লঞ্চ টার্মিনাল স্থানান্তরের দাবিতে তাদের লঞ্চ ধর্মঘট অব্যাহত রাখে তারা। লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, ‘অবৈধভাবে দুটি লঞ্চ পারাপার করছিল। এর প্রতিবাদে আমরা সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নদীর মাঝে নৌ-অবরোধ করি। পড়ে প্রশাসনের পক্ষ থেকে ওই দুটি লঞ্চ আটক করলে আমরা নৌ-অবরোধ তুলে নেই। কিন্তু মাওয়া প্রান্তে লঞ্চ টার্মিনালের দাবিতে এখনো আমরা লঞ্চ ধর্মঘট অব্যাহত রেখেছি।’শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, অভিযুক্ত লঞ্চ দুটিকে আটক করার পর লঞ্চ মালিক ও শ্রমিকরা নৌ-অবরোধ তুলে নেয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস বলেন, বিকেলের মধ্যেই প্রশাসনের উচ্চপর্যায়ে সঙ্গে আলাপ করে লঞ্চ ধর্মঘট প্রত্যাহারের ব্যবস্থা করা হবে।