ওজন পরিমাপক যন্ত্র (ওয়েট স্কেল) না থাকার সুযোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অতিরিক্ত মালবোঝাই (ওভারলোড) শত শত ট্রাক মাওয়া-কাওড়াকান্দি নৌপথ দিয়ে ফেরি পারাপার হচ্ছে। বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, যমুনা সেতু ও পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ওজন পরিমাপক যন্ত্র (ওয়েট স্কেল) থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অতিরিক্ত মালবোঝাই ট্রাকসহ ভারী যানবাহনগুলো কাওড়াকান্দি-মাওয়া রুট বেছে নেয়। পণ্যবাহী বেশির ভাগ যানবাহনই ২০ থেকে ৩০ টন পর্যন্ত মালামাল নিয়ে ফেরিতে উঠে পদ্মা পারাপার হয়।আন্তর্জাতিক মেরিটাইপ সংস্থার (আইএমও) কোড অনুযায়ী, বাংলাদেশে চলাচলরত ফেরিগুলোর ৩০ বছর চলার কথা থাকলেও মাওয়া-কাওড়াকান্দি রুটের ফেরিগুলো অতি পুরোনো ও মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে ১৯৬৩ সালে মিডিয়াম টাইপ ফেরি যশোর, ফ্লাট ফেরিগুলোর মধ্যে ১৯৩৮ সালে থোবাল ও যমুনা, ১৯২৫ সালে রানীক্ষেত, রায়পুরা, রানীগঞ্জ ও টাপলো, ১৯৭৩ সালে ফেরি কেটাইপ কুমারী ও কামিনী এবং ১৯৬৩ সালে ভিভিআইপি ফেরি কর্ণফুলী নির্মাণ করা হয়। অতিরিক্ত বোঝাইয়ের কারণে প্রায়ই এসব ফেরির ইঞ্জিন ও পন্টুনের ডেক পেট, র্যাম্প, ফেরির ডালা ও পাটাতন, র্যামের কবজাসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। কাঠবোঝাই ট্রাকের চালক ইদ্রিস মিয়া বলেন, ‘যমুনায় ও আরিচা রুটে ওজন মাপার মেশিন থাকায় আমরা ওই ঘাট দিয়া পার হই না। আর কাওড়াকান্দি ঘাটে ওজনের ব্যাপারে কোনো বাধা না থাকায় আমরা ভারী ট্রাক নিয়া সব সময় এই ঘাট দিয়াই পার হই।’বাংলাদেশ ইনল্যান্ড মাস্টার ওয়েলফেয়ার অ্যাসোশিয়েশনের (ফেরি চালকদের সংগঠন) সভাপতি ইদ্রিস হোসেন সিরাজী বলেন, ‘এ রুটের ফেরিগুলো এমনিতেই অনেক পুরোনো। এর ওপর আবার ওয়েট স্কেল না থাকায় সব সময় ২৫-৩০ টনের ট্রাকগুলো চরম ঝুঁকি নিয়ে পদ্মা পার হয়ে থাকে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’এ ব্যাপারে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, উভয় পারে ওজন পরিমাপক যন্ত্র না থাকায় ২৫-৩০ টন মালবাহী ট্রাকগুলো সব সময় এ পথে পারাপার হয়। ফেরিগুলো প্রতিনিয়ত মেরামত করে পরিচালনা করতে হচ্ছে। ওজন পরিমাপক যন্ত্রের সঙ্গে সঙ্গে যানবাহন-সংশ্লিষ্টদের সচেতন হতে হবে।