মাওয়া ঘাটে ব্যাপক চাঁদাবাজি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাটে ঈদ সামনে রেখে ব্যাপক চাঁদাবাজি চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাওয়া চৌরাস্তা থেকে মাওয়া ঘাটে ফেরিতে ওঠা পর্যন্ত প্রতিটি পরিবহনকে বিভিন্ন স্থানে চাঁদা দিতে হচ্ছে। লঞ্চের যাত্রীদের দিতে হচ্ছে অতিরিক্ত মাশুল। অভিযোগ রয়েছে, মাওয়া ঘাটে পুলিশের নাকের ডগায় চলছে এই অনিয়ম। পুলিশও জড়িয়ে পড়েছে চাঁদাবাজিতে।স্থানীয় একটি সূত্র জানায়, কৃত্রিম যানজট সৃষ্টি করে এসব অনিয়ম করতে বেশি সুবিধা হয়। তাই অনেক সময় ট্রাফিক পুলিশ ও পুলিশের অন্যান্য বিভাগের লোকজন গাড়ির কাগজ দেখার নাম করে এবং নানা অজুহাতে এই যানজট সৃষ্টি করে। এ সুযোগে চলে চাঁদাবাজি। গত কয়েক দিনে ঘটনাস্থল ঘুরে এসব তথ্য জানা গেছে।বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজি: মাওয়া ঘাটে বিভিন্ন পরিবহন মালিক সমিতির নামে চাঁদাবাজি চলছে। ‘মাওয়া হালকা যান পরিবহন সমিতি’ এবং ‘বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতি’র নামে রসিদ দিয়ে চাঁদা তোলা হচ্ছে। দুটি মালিক সমিতি আলাদা রসিদে ২০ টাকা করে প্রতি পরিবহন থেকে এই চাঁদা তুলছে। এসব চাঁদাবাজির সঙ্গে ক্ষমতাসীন দলের স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও জড়িত বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগ, এই টাকার একটি অংশ পায় পুলিশ। গতকাল শনিবার দেখা গেছে, মাওয়া পুলিশ ফাঁড়ির সামনেই চাঁদা তোলা হচ্ছে।মাওয়া হালকা যান পরিবহন মালিক সমিতির নামে চাঁদা গ্রহণকারী মো. হাসান জানান, এই টাকা মালিক সমিতির তহবিলে জমা হবে। এই টাকা দিয়ে কী করা হয়, জানতে চাইলে হাসান বলেন, এটা মালিক সমিতির সভাপতি বলতে পারবেন।এ ব্যাপারে সমিতির সভাপতি মহি মুন্সী বলেন, ‘আমরা হালকা ও ছোট যানবাহের কাছ থেকে চাঁদা সংগ্রহ করি। এই চাঁদার টাকা দিয়ে আমার সমিতির সদস্যদের কল্যাণে কাজ করি।’ এই সমিতির পক্ষে ৩০টি গাড়ি কেনা হয়েছে বলে তিনি জানান।বিভিন্ন ট্রাক ও কাভার্ড ভ্যান থেকে রসিদের মাধ্যমে চাঁদা তুলছে ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি। ৪৯৪ সমিতির নামে টাকা তুলছে আরেকটি মহল। এভাবে বিভিন্ন সমিতির নামে ঘাটে ঘাটে পরিবহন মালিকদের চাঁদা দিতে হচ্ছে।গাড়ির সিরিয়াল পেতে দিতে হয় অতিরিক্ত অর্থ: যানজটে আটকা পড়া মাওয়া ঘাটে গাড়ির সিরিয়াল আগে পেতে ১৫ থেকে ১০০ টাকা দিতে হয় ফেরি কর্তৃপক্ষ, পুলিশ ও আনসারকে। কাঁচামাল কিংবা মাছ ও বরফ বহন করা ট্রাকের ক্ষেত্রে দিতে হয় আরও বেশি টাকা। পরিবহন চালকেরা জানান, বেশির ভাগ সময় পুলিশের সার্জেন্ট গাড়ির কাগজপত্র দেখার নাম করে এবং বিভিন্ন কারণ দেখিয়ে যানজট সৃষ্টি করেন। এতে সিরিয়াল আগে পেতে চালকেরা অতিরিক্ত টাকা দিতে বাধ্য হন।যানজট নিরসনে মাওয়া চৌরাস্তা পর্যন্ত গাড়িগুলো আটকে দেওয়ার কথা। কিন্তু যেসব গাড়ি টাকা দিচ্ছে, সেই গাড়িকে মাওয়া ঘাট পর্যন্ত যেতে দিচ্ছেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও সার্জেন্ট। তবে মাওয়া ঘাটে কর্তব্যরত পুলিশের সার্জেন্ট কামরুল আলম সিরিয়াল দেওয়ার নামে অতিরিক্ত অর্থ এবং চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।টোল ও ফেরির ভাড়া নিয়ে অনিয়ম: মাওয়া ঘাটে টোল আদায় নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, একটি গাড়িকে প্রথমে ঘাটে যাওয়ার পথে পন্টুন ব্যবহারের জন্য বিআইডব্লিউটিএকে ৪০ টাকা টোল দিতে হয়। বিআইডব্লিউটিএর এক কর্মকর্তা দাবি করেন, এই ৪০ টাকা আদায় বৈধ। গাড়ি পার্কিংয়ের জন্য দিতে হয় আরও অতিরিক্ত ১৫ টাকা। কিন্তু দেখা যাচ্ছে, অধিকাংশ গাড়ি পার্কিং না করে সরাসরি ফেরিতে ওঠে। তার পরও দিতে হচ্ছে এই পার্কিং ফি।এরপর ফেরিতে প্রতি ট্রাকের ভাড়া এক হাজার ২৬০ টাকার পরিবর্তে এক হাজার ৩৬০ থেকে এক হাজার ৯০০ টাকাও নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ট্রাকচালকেরা। বাসের ক্ষেত্রেও নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা।ট্রাকচালক কামাল হোসেন জানান, গত শুক্রবার রাত থেকে তাঁর ট্রাকটি তিন দিন ধরে মাওয়া চৌরাস্তার কাছে আটকে ছিল। তিন দিন পর গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাক নিয়ে ফেরিতে ওঠার সিরিয়াল পান। এই সিরিয়াল পাওয়ার জন্য এবং ফেরির টোলসহ এক হাজার ৩৬০ টাকা দিতে হয়েছে তাঁকে। ট্রাকের মালিক আবদুর রাজ্জাক জানান, তাঁর ট্রাকে বরফ থাকায় তাঁকে দ্রুত সিরিয়াল পেতে ৩০০ টাকা বেশি দিতে হয়েছে। তাঁর কাছে ৫০০ টাকা দাবি করা হয়েছিল।এদিকে ফেরিতে যানবাহন সারিবদ্ধ করতে লস্করদের দিতে হয় ১০০ টাকা। এই টাকা না দিলে ফেরি থেকে গাড়ি নামিয়ে দিতে চান তাঁরা। দেখা গেছে, রাজশ্রী ফেরিতে একজন লস্কর এবং ডিএফ যমুনা ফেরিতে একজন লস্কর গাড়ি সারিবদ্ধ করার নামে ১০০ টাকা করে নিচ্ছেন।লঞ্চযাত্রীদের থেকে অতিরিক্ত টোল আদায়: মাওয়া ঘাট থেকে যেসব যাত্রী লঞ্চে কাওরাকান্দি ও চরজানাজাত যাচ্ছে, তাদের লঞ্চে উঠতে ১০ টাকা করে দিতে হচ্ছে। অথচ ঘাটের টিকিটের মূল্য আছে পাঁচ টাকা। কাওরাকান্দির যাত্রী মোসলেম উদ্দিন বলেন, ‘মাওয়া ঘাটে এবার ঈদের আগে যে অবস্থা দেখছি, অতীতে এত সমস্যা ছিল না। এখন দেখছি, স্থানে স্থানে ঈদ উপলক্ষে অতিরিক্ত চাঁদা দিতে হচ্ছে। এতে সরকারের বদনাম হচ্ছে।’কর্তৃপক্ষের বক্তব্য: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম বলেন, ফেরির ভাড়া হিসেবে অতিরিক্ত অর্থ আদায় করার অভিযোগ ঠিক নয়। ট্রাক ও বাস থেকে নির্ধারিত হারেই টোল আদায় করা হচ্ছে। যেসব ট্রাকে অতিরিক্ত মালামাল থাকে, তাদের কাছ থেকে এ জন্য অতিরিক্ত ৩০ শতাংশ অর্থ আদায় করা হয়।এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাটের বন্দর কর্মকর্তা বাবুলাল বৈদ্য বলেন, সিরিয়ালের জন্য কোনো অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে না। পার্কিংয়ের জন্য ১৫ টাকা আদায়ের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, প্রত্যেক গাড়িকে ওই পার্কিং এলাকা ঘুরে যেতে হয়, তাই ১৫ টাকা দিতে হয়।মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ও আনসার কেন ফেরিতে ওঠার সিরিয়াল বরাদ্দের কাজ করবে। তাদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। বিষয়গুলো আমি দেখছি।’সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ সুপার মাওয়া ঘাট থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, সমিতির নামে চাঁদা আদায়ের ঘটনায় মো. হাসান নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর যাতে কোনো সমিতির নামে চাঁদা আদায় না করা হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।পুলিশ সুপার বলেন, ‘আনাসার সদস্যদের চাঁদা গ্রহণ করার প্রমাণ পাওয়া গেছে। আনসার সদস্যরা সিরিয়ালের কাজে থাকবে না বলে দিয়েছি। ফেরিসহ কয়েকটি জায়গায় অতিরিক্ত টাকা নেওয়া হয়। আর যাতে এই টাকা না নেওয়া হয়, সে জন্য বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে আমরা বসেছি।’মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, ‘ঈদ সামনে রেখে মাওয়া ঘাটে যারা বিভিন্ন সমিতির নামে চাঁদা তুলছে, তারা যে দলেরই হোক, আমি পুলিশ ও র‌্যাবকে তাদের ধরতে নির্দেশ দিয়েছি। পুলিশের লোকজন চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককেও শিগগিরই জানাচ্ছি।’