মাওয়ায় নিখোঁজ পাঁচজনের সন্ধান মেলেনি
মুন্সিগঞ্জের মাওয়া ১ নম্বর ফেরিঘাট গতকাল রোববার সন্ধ্যায় পদ্মায় বিলীন হয়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ পাঁচজনের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তাঁদের উদ্ধারে আজ সোমবার সকালে অভিযান শুরু হয়। তবে ভাঙন ও অতিরিক্ত স্রোতের কারণে উদ্ধারকাজ চালানো যায়নি।নিখোঁজ পাঁচজন হলেন: মাওয়া ঘাটের পার্শ্ববর্তী লৌহজং উপজেলার মেদেনীমণ্ডল গ্রামের বায়রন (৪০), আবুল কাশেম (৫০), জালু শিকদার (৫০), আবুল কালাম আজাদ (৫৫) ও হুমায়ুন (৫০)। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মাওয়া ঘাট ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ প্রথম আলো ডটকমকে বলেন, নিখোঁজদের উদ্ধারে আজ সকালে বিআইডব্লিউটিএর ডুবুরি দল নামানো হয়। তবে নদীর ভাঙন দেখা দেওয়ায় ও স্রোত বেড়ে যাওয়ায় উদ্ধারকাজ বন্ধ করে দেওয়া হয়।সকাল সাড়ে ১০টার দিকে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান শামসুদ্দোহা প্রমুখ ঘটনাস্থল পরিদর্শনে যান।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) সহকারী ব্যবস্থাপক আশিকুজ্জামান বলেন, মন্ত্রী, চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘাট সচল করার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, সেভাবেই কাজ করা হবে। তিনি জানান, মাওয়ার তিনটি ঘাটের মধ্যে মাত্র একটি ঘাট সচল থাকায় ঘাটের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।আশিকুজ্জামান জানান, নদীভাঙনের কারণে ৯ অক্টোবর প্রথমে মাওয়া ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। পরদিন কিছু অংশ ভেঙে পড়ায় এবং ফাটল দেখা দেওয়ায় ১ নম্বর ঘাট বন্ধ করে দেওয়া হয়। জরুরি মেরামত করে আট ঘণ্টা পর আবার ওই দিন রাতেই ফেরি চলাচল শুরু হয়। কিন্তু পাঁচ দিনের মাথায় পুরো ১ নম্বর ঘাটই বিলীন হয়ে গেল।