মাকসুদা ইকবালের ‘বর্ণিল অন্তর্বুনন’
শিল্পী মাকসুদা ইকবালের ছবির রঙের ঔজ্জ্বল্য ও জটিল প্রাণবন্ত বিন্যাস দর্শককে চমকে দেওয়ার ক্ষমতা রাখে। ক্যানভাসে সীমানা ছাড়িয়ে যাওয়া রঙের বিচ্ছুরণে তাঁর ছবিগুলো হয়ে ওঠে আবেদনময়ী। গুলশানে বেঙ্গল ফাউন্ডেশনের নতুন সাংস্কৃতিক কেন্দ্র এবং আর্ট গ্যালারি বেঙ্গল আর্ট লাউঞ্জের যৌথ আয়োজনে গত রোববার থেকে শিল্পী মাকসুদা ইকবালের ‘বর্ণিল অন্তর্বুনন’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী চলছে। ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর। প্রধান অতিথি ছিলেন তথ্যসচিব হেদায়েত উল্লাহ আল মামুন।প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ২৯টি, চলবে ১ মার্চ পর্যন্ত।শিল্পী মাকসুদা ইকবাল ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রয়িং ও পেইন্টিংস বিভাগ থেকে বিএফএ ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর আটটি একক প্রদর্শনী হয়েছে। তিনি জাপানের হারুচি আর্ট মিউজিয়াম প্রদত্ত ‘সিলেকশন অ্যাওয়ার্ড’ ও দাইকো ফাউন্ডেশন স্কলারশিপ এবং ২০০৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী আয়োজিত ১৬তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীতে ‘সম্মানসূচক পুরস্কার’ পেয়েছেন।