মাকে ক্ষীরের পাটিসাপটা বানিয়ে রাখতে বলেছিলেন রনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, আমার গায়ে বেশ জ্বর। মুখে কোনো রুচি নেই, খেতে পারছি না। ওষুধ কেনারও সময় পাচ্ছি না। তুমি কিন্তু ক্ষীরের পাটিসাপ্টা বানিয়ে রাখবে। আমি ২৮ জানুয়ারি বাড়ি আসছি।’ মারা যাওয়ার আগের দিন গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মায়ের সঙ্গে মুঠোফোনে এটাই ছিল রনি দাশের শেষ কথা। পরদিন গতকাল শনিবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পারটেক্স প্যাভিলিয়নের ছাদ ধসে মারা যান রনি। তেজগাঁও কলেজে ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে পড়তেন তিনি। বাণিজ্য মেলায় ওই প্যাভিলিয়নে রনি দাশ খণ্ডকালীন কাজ করতেন।ছেলের সঙ্গে শেষ কথোপকথনের কথা মনে করে বারবার জ্ঞান হারাচ্ছেন মা অপরাজিতা দাস। রনি মাকে কথা দিয়েছিলেন ২৮ জানুয়ারি বাড়ি ফিরবেন। তার এক দিন আগেই লাশ হয়ে ফিরলেন। আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জের সাহাপাড়ায় রনি দাশের লাশ পৌঁছায়। সন্ধ্যা সাতটার দিকে শেষকৃত্য হওয়ার কথা। প্রতিবেশী ভজন সাহা প্রথম আলো ডটকমকে বলেন, রনিদের চার সদস্যের ছোট সংসার। অভাব থাকলেও সংসারটি ছিল গোছানো। রনির বাবা রাম দাশ স্থানীয় একটি পরিবহন সংস্থায় সুপারভাইজার ছিলেন। রনি দাশ প্রাইভেট পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালাতেন। বাণিজ্য মেলায় পারটেক্সের শোরুমে দৈনিক ৬০০ টাকা বেতনে খণ্ডকালীন কাজ নিয়েছিলেন তিনি। রনির বোন মৌমিতা দাস জেলা শহরের হাজি লাল মিয়া কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। একমাত্র ভাইকে হারিয়ে সে নির্বাক হয়ে গেছে। গতকাল শনিবার বেলা সোয়া দুইটার দিকে বাণিজ্য মেলায় পারটেক্স প্লাস্টিক লিমিটেডের অস্থায়ীভাবে স্থাপিত দুই তলার প্যাভিলিয়নের প্রথম তলার ছাদ মালামালসহ ধসে পড়লে রনি দাশ (২৪) মারা যান। তখন কয়েকজন কর্মী নিজেদের উদ্ধার করতে পারলেও ভেতরে আটকা পড়েন রনি দাশ। বেশ কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিত্সক রনিকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নিচে অন্তত ৩০ জন কর্মী ও কয়েকজন দর্শনার্থী ছিলেন। তাঁদের কয়েকজনও আহত হন।