মাকে খুনের পর ছেলের আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থানায় আজ সন্ধ্যায় এক যুবক বললেন, ‘আমি আমার মাকে খুন করে লাশ ঘরে তালা দিয়ে এসেছি।’ যুবকের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে পড়েন পুলিশের কর্মকর্তারা। পরে তাঁকে আটক করা হয়। যুবকের বর্ণনা অনুযায়ী পশ্চিম শ্যাওড়াপাড়ার একটি বাসা থেকে উদ্ধার করা হয় মা রোখসানা মোগলের (৪৮) মৃতদেহ।এদিকে রাজধানীর বনানীর একটি বাসায় নাসরিন আক্তার (৫৩) নামের এক গৃহকর্ত্রীকে খুন করা হয়েছে। পুলিশের ধারণা, গৃহপরিচারিকা তাঁকে খুন করে পালিয়ে গেছে। আজ সোমবার সন্ধ্যায় গুলশান থানা পুলিশ লাশটি উদ্ধার করে।মিরপুর থানা সূত্র জানায়, সন্ধ্যায় ছেলে হাবিব মোগলের (২৮) হাতে খুন হয়েছেন মা রোখসানা মোগল (৪৮)। রোখসানা মোগলের স্বামী আতাহার মোগল বেসরকারি প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা। খুনি হাবিবও একজন আইনজীবী বলে পুলিশ জানিয়েছে।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, হাবিব মোগল ইট দিয়ে মায়ের মাথা থেঁতলে তাঁকে খুন করেছেন। তাঁর স্বজনেরা পুলিশকে জানিয়েছেন হাবিব মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন।পুলিশ জানায়, হাবিব থানায় এসে খুনের কথা জানানোর পর পুলিশের একটি দল ১৩৫ পশ্চিম শ্যাওড়াপাড়ার ওই বাসায় যায়। ততক্ষণে হাবিবের বাবা আতাহার মোগলও বাসায় পৌঁছেন। তাঁর সহায়তায় তালা খুলে দোতলার ফ্ল্যাট থেকে রোখসানার লাশ উদ্ধার করা হয়।আশপাশের লোকজন জানান, এ পরিবার যে বাড়িতে বসবাস করে, সেটি হাবিবের বাবা আতাহার মোগলের নামে। নির্মাণাধীন বাড়িটির শুধু দোতলার দুটি ঘর বসবাসের উপযুক্ত। নিচতলাসহ অন্যান্য তলার নির্মাণকাজ চলছে। হাবিবের মা রোখসানা বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। তিন মাস হাসপাতালে কাটিয়ে এক সপ্তাহ আগে তিনি বাসায় আসেন।পুলিশ জানিয়েছে, আটকের পর হাবিবের কাছে মাকে হত্যার কারণ জানতে চাওয়া হলে তিনি জানান, মায়ের হাতের রান্না খেয়ে তাঁর অসুখ হয়েছে। এ কারণে রাগে মাকে খুন করেছেন। আতাহার মোগলের দুই মেয়ে ও এক ছেলে বলে জানা গেছে।গৃহকর্ত্রী খুন: গুলশান থানার ওসি শাহ আলম জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যার দিকে পুলিশ একটি বাড়ি থেকে গৃহকর্ত্রী নাসরিন আক্তারের লাশ উদ্ধার করে। পুলিশ সন্দেহ করছে, গতকাল রোববার রাতের কোনো একসময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। নাসরিন আক্তারের স্বামীর নাম মো. শামস। তিনি ছেলেমেয়েদের নিয়ে বিদেশে থাকেন। ওই বাড়িটিতে লিজা নামের এক তরুণী গৃহপরিচারিকাকে নিয়ে একাই থাকতেন গৃহকর্ত্রী। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, লিজাই নাসরিনকে খুন করে পালিয়ে গেছে।