মাকে ছাড়া কিছুই সম্ভব হতো না
একজন মানুষের জীবনে তার মায়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে। সন্তানেরা মায়ের মন্দ দিকটি দেখতে পায় না। সে কারণে মায়ের ভালো গুণই সন্তানেরা আয়ত্ত করে। আমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। মায়ের ভালো গুণগুলো রপ্ত করার চেষ্টা করেছি। আমার মা আঁখি রহমান। খুবই পরোপকারী। অন্যের দুঃখ বা দুঃসময়ে তিনি পাশে দাঁড়ান। আমার চরিত্রে এই দিকগুলো এসেছে মায়ের কাছ থেকে। আজকে আমি যতটুকু সফল, এর জন্য মায়ের অবদান অনেক। কোনো মেয়েই সামনে এগিয়ে যেতে পারবে না, যদি তার মা পাশে না থাকেন। বাবা আমাকে খেলার জগতে নিয়ে এসেছেন। কিন্তু মা তাতে সমর্থন না দিলে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। কখনো বিরোধিতা করেননি। মা সব সময় বলতেন, তুমি যে বিষয়ে আগ্রহী, সে বিষয়ে কাজ করলে ভালো করবে। তাঁরা আমার পছন্দের কথা বুঝতে পেরেছিলেন। ফলে কোনো রকম বাধা আসেনি মা কিংবা পরিবার থেকে। আর পরিবারে মায়ের সহযোগিতা থাকলে আনুষঙ্গিক অন্য কাজগুলোও সহজে করা যায়। সুতরাং কারও সফলতার প্রথম শর্ত হলো মায়ের পূর্ণ সমর্থন। বলব না যে তিনি খুবই আধুনিক। আবার তাঁর মধ্যে কোনো কুসংস্কার নেই। তবে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন। মা একদিকে যেমন কোমল প্রকৃতির ছিলেন, অন্যদিকে আবার শাসনও করতেন আমাকে। সহনশীলতা মায়ের কাছ থেকেই শিখেছি। সহনশীল মানুষ সব পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারে। তিনি মনে করেন এবং আমাকে বলেন, আধুনিকতা মানে উচ্ছৃঙ্খলতা নয়, মার্জিতভাবে বিনয়ের সঙ্গে চললেই আধুনিক হওয়া যাবে। এখনো যদি কোনো কিছু ভুল হয়, মা সংশোধন করে দেন। আমার কিসে ভালো হবে, তা-ই তিনি চান। আমার সামান্য সফলতায় তিনি গর্বিত বোধ করেন। আরেকটি বিষয় মায়ের থেকে আমি পেয়েছি। সেটি হলো লেখালেখির প্রবণতা। মা রোমান্টিক মানুষ। তিনি লেখালেখি করতে পছন্দ করেন। আমাকে উত্সাহ দিতেন লেখালেখির জন্য। আসলে মাকে ছাড়া কোনো কিছুই করা সম্ভব হতো না। মা সারা জীবন এত সাহস, এত অনুপ্রেরণা জুগিয়েছেন যে আমার এই জীবনে তাঁর ভূমিকার কথা বলে শেষ করা যাবে না।