মাকে ছুরিকাঘাত, বাবাকে পিটুনি, ছেলের মৃত্যু
অসুস্থ একমাত্র সন্তান আল-আমিনকে (১২) নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন বাবা ও মা। পথে ডাকাতেরা তাঁদের মাইক্রোবাসসহ ১৬টি গাড়ি আটকায়। ডাকাতেরা আল-আমিনের গলায় ছুরি রেখে তার বাবাকে রাইফেলের বাঁট দিয়ে বেধড়ক পেটায়। মায়ের বাঁ কানে ছুরি মেরে ছিনিয়ে নেয় দুল।এ দৃশ্য দেখে ঘটনাস্থলেই মৃত্যু হয় আল-আমিনের। গত বুধবার রাত দুইটার দিকে নাটোরের লালপুর উপজেলার লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি মোড়ে এ ঘটনা ঘটে।প্রায় দেড় ঘণ্টাব্যাপী ডাকাতদের তাণ্ডবে আহত হয় অন্তত ১৫ জন। ডাকাতেরা লুটে নেয় কয়েক লাখ টাকা ও মালামাল।আল-আমিন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আমদহ গ্রামের মোকাব্বর হোসেন (৪৫) ও সুফিয়া খাতুনের (৩৮) একমাত্র সন্তান। সে দৌলতপুর উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ত।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বুধবার দিবাগত রাত একটা ১০ মিনিটের দিকে লালপুর-বাঘা সড়কের তিনখুঁটি মোড়ে ২০ থেকে ২৫ জন ডাকাত গাছ ফেলে উভয় পাশে বিভিন্ন ধরনের ১৬টি গাড়ি আটকায়। ডাকাতেরা প্রতিটি গাড়ির চালককে অস্ত্র দেখিয়ে জিম্মি করে এবং বেপরোয়া মারপিট ও লুটপাট শুরু করে। এসব গাড়ির মধ্যে আল-আমিনদের মাইক্রোবাসও ছিল।রাত আড়াইটার দিকে ডাকাতেরা চলে যাওয়ার পর আল-আমিনকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ফজলুল কবির ভূঁইয়া তাকে মৃত ঘোষণা করেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আল-আমিনকে দৌলতপুরের আমদহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।আল-আমিনের বাবা মোকাব্বর হোসেন বলেন, ‘আল-আমিন হাঁপানিজনিত শ্বাস-প্রশ্বাসের সমস্যায় ভুগছিল। বুধবার রাতে এই সমস্যা বেড়ে যায়। রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা আল-আমিনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। আমরা সেখানে পৌঁছাতেও পারতাম। কিন্তু ডাকাতেরা আমাদের সব শেষ করে দিয়েছে।’মোকাব্বর আরও বলেন, ‘আমরা ডাকাতদের হাতে-পায়ে ধরেছি। বলেছি, ছেলে অসুস্থ। ছেড়ে দিন। ওরা আমাদের কথা শোনেনি। ওরা আমাদের সন্তানহারা করল।’মোকাব্বর নাসির টোব্যাকো কোম্পানিতে চাকরি করেন।আল-আমিনদের মাইক্রোবাসের চালক তোজাম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার আগে পুলিশের গাড়ি দেখে নিশ্চিন্তে এগোচ্ছিলাম। কিন্তু তিনখুঁটি মোড়ে পৌঁছে দেখি, কালো পোশাক পরা ২০-২৫ জন লোক গাড়ি থামিয়ে রেখেছে। আমি ভাবলাম, ওরা র্যাবের লোক। মুহূর্তে ওরা আমাদের পেটাতে লাগল।’বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই আল-আমিনের মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ফজলুল কবির ভূঁইয়া। তিনি বলেন, ‘শুনেছি আল-আমিনের হাঁপানি রোগ হয়েছিল। রাতে হাসপাতালে আসার সময় আল-আমিনের বাবা-মা ও মাইক্রোবাসের চালকের শরীরে জখম ছিল। তবে তাঁরা চিকিৎসা না নিয়েই চলে গেছেন।’তিনখুঁটি মোড়ে ডাকাতির শিকার বাঘা বাজারের মাইক্রোবাসচালক মিঠু বলেন, ‘মাঝেমধ্যে ওখানে (তিনখুঁটি) ডাকাতি হয়। এ জন্য পুলিশ নিয়মিত টহলও দেয়। ডাকাতেরা আমাকে মেরে মোবাইল ও টাকা কেড়ে নিয়েছে। ঘটনার সময় ১৬টি গাড়ি ছিল। সব মিলিয়ে ডাকাতেরা ২৫টি মোবাইল সেট, কয়েক লাখ টাকা ও মালামাল নিয়েছে।’যোগাযোগ করা হলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘ডাকাতির সময় থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালামের নেতৃত্বে একটি টহল দল ওই রাস্তায় ছিল। তবে টহল গাড়ি উল্টো দিকে থাকায় তারা ডাকাতির ঘটনা জানতে পারেনি।’ওসি বলেন, ‘ডাকাতির ঘটনায় পুলিশের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হবে। কেউ মামলা করতে না আসায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি আমরা। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি।’