মাগুরা ও জয়পুরহাটে প্রতিমা ভাঙচুর
মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের তিনটি গ্রামে আজ শুক্রবার ভোরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তিনটি মন্দিরে হামলা চালিয়ে দুটি দুর্গা প্রতিমাসহ পাঁচটি প্রতিমা ভাঙচুর করেছে।পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতকারীরা ইউনিয়নের খাজুরা সাহাপাড়া সার্বজনীন পূজামন্দির, নাগড়া দোলমন্দির ও দীঘা গ্রামের সঞ্জিত সাহার পারিবারিক শিব শঙ্কর মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করে। সার্বজনীন পূজামন্দিরে আসন্ন দুর্গা পূজা উপলক্ষে প্রতিমাগুলো তৈরি করা হয়েছিল। খাজুরা মন্দিরের সভাপতি কুমারেশ চন্দ্র সাহা বলেন, দুর্গা পূজা সামনে রেখে আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্যই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে।মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক এ প্রসঙ্গে বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এদিকে একইভাবে গতকাল বৃহস্পতিবার দুর্বৃত্তরা জয়পুরহাটের আক্কেলপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় থানায় মামলা হয়নি। তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খোঁজা হচ্ছে।