মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী
‘শুভ কর্মপথে ধর নির্ভয় গান/সব দুর্বল সংশয় হোক অবসান’ এই দীপ্ত উচ্চারণে মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ২৯ মার্চ স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রথম পর্বে ছিল আলোচনা, কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ। প্রতিষ্ঠানের সভাপতি কবি বিবেকানন্দ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ক্লাবের সভানেত্রী মিসেস আফিয়া বখ্ত। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রেহানা মুন্নী ও মাগুরা আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক সেলিনা আক্তার। অন্যান্যে মধ্যে আলোচনায় অংশ নেন এম এ হাকিম, তুষার চক্রবর্তী ও মো. সেলিম হোসেন। পরে অতিথিরা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া প্রতিষ্ঠানের দুজন নৃত্য শিক্ষক তুষার চক্রবর্তী ও মো. সেলিম হোসেন এবং সংগীতে বিশেষ কৃতিত্বের জন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থী সেজুতি, পূজা ও সুষ্মিতাকে বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়।