মাগুরায় নৌকাডুবিতে ছয়জনের মৃত্যু
মাগুরার সদর উপজেলার শ্রীকুণ্ডী গ্রামে নবগঙ্গা নদীতে নৌকা ডুবে ছয়জন মারা গেছে। গতকাল শুক্রবার রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত আটটার দিকে শ্রীকুণ্ডী গ্রামের ১৮ জন নবগঙ্গা নদী পার হয়ে যাত্রাপালা দেখতে বরই গ্রামের পলান পালের বাড়িতে যায়। ফেরার সময় রাত দুইটার দিকে শ্রীকুণ্ডী গ্রামের খেয়াঘাট থেকে কিছুটা দূরে মাঝনদীতে তাঁদের নৌকাটি ডুবে যায়। সাঁতরে ও এলাকাবাসীর সহায়তায় ১২ জন যাত্রী তীরে পৌঁছাতে সক্ষম হয়। আজ শনিবার সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ছয়জনের লাশ উদ্ধার করে এলাকাবাসী।ঘটনার সত্যতা নিশ্চিত করে মাগুরা সদর থানার উপপরিদর্শক শ্যামাপ্রসাদ প্রথম আলো ডটকমকে জানান, এই নৌকাডুবিতে মৃত ছয়জনের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। মারা যাওয়া ব্যক্তিরা হলেন: নিরাপদ প্রামাণিক (৬৩), তাঁর ভাই প্রজীত প্রামাণিক (৫৯), তাদের নাতি দীপ্ত প্রামাণিক (১২), একই গ্রামের নিমাই মণ্ডলের স্ত্রী কাজলী মণ্ডল (৫৬), কেদার প্রামাণিকের ছেলে বিজিত প্রামাণিক (৭০) ও রামচন্দ্রের ছেলে উত্তম প্রামাণিক (৩৬)।তাঁদের আজ মাগুরার সাতদোহা শ্মশানে দাহ করা হবে বলে জানিয়েছে পুলিশ।