মাগুরায় যুবদল নেতার হাতে ছাত্রদল নেতা খুন
মাগুরায় কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবদল নেতার হাতে খুন হয়েছেন ছাত্রদলের এক নেতা। গতকাল মঙ্গলবার রাতে মাগুরা শহরে এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. মাহবুবুর রহমান (৩০)। তিনি জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাগুরা জেলা বিএনপির কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব ছিল। এতে অঙ্গসংগঠনগুলোও বিভক্ত হয়ে পড়ে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মুখোমুখি অবস্থান নেয়।দ্বন্দ্ব মেটাতে তিন দিন আগে কেন্দ্রীয় কমিটি জেলা বিএনপির দুই পক্ষকে ঢাকায় ডেকে বৈঠক হয়। ঢাকা থেকে ফিরে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জেলা বিএনপির কার্যালয়ে সভা করে। ওই সভায় যুবদল নেতা হারুন অর রশীদের সঙ্গে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমানের কথাকাটাকাটি হয়। এ সময় হারুন মাহবুবকে চড় দেন।এর প্রতিশোধ নিতে গতকাল রাত পৌনে ১০ টার দিকে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে হারুন শহরের টাউন হল ক্লাবের সামনে এলে মাহবুব তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। এ সময় জেলা যুবদলের সাবেক নেতা হাবিব বিশ্বাসসহ কয়েকজনের সঙ্গে মাহবুবের দেখা হয়।তাঁরা মাহবুবকে ধরে তাঁর অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। মাহবুবকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। আহত হারুনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিব উদ্দিন খান বলেন, প্রাথমিকভাবে যুবদল নেতা হাবিব ও হারুন ওই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হারুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়েছে।