মাগুরায় অটোরিকশা চলাচল নিয়ে দ্বন্দ্ব
মোটরশ্রমিক ইউনিয়ন ও গ্রামবাংলা পরিবহন নামের টেম্পোর মালিক ও শ্রমিকেরা মাগুরা শহরের বাইরে বিভিন্ন রুটে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতে বাধা দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা মালিক ও শ্রমিকেরা ২১ সেপ্টেম্বর দুপুরে এক ঘণ্টা অটোরিকশা চালানো বন্ধ রাখেন এবং জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন। পরের দিন দুপুরেও তাঁরা পৌরসভার সামনে প্রায় দুই ঘণ্টা অটোরিকশা ধর্মঘট পালন এবং পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের সঙ্গে বৈঠক করেন। এ প্রতিবাদ কর্মসূচিতে দুই শতাধিক অটোরিকশার মালিক ও শ্রমিক অংশ নেন। মাগুরা জেলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম অভিযোগ করেন, তাঁরা মাগুরা শহর ছাড়াও উপজেলা পর্যায় পর্যন্ত অটোরিকশায় যাত্রী পরিবহন করে থাকেন। হঠাৎ করে মোটরশ্রমিক ইউনিয়ন ও গ্রামবাংলা পরিবহন নামে টেম্পোর মালিক ও শ্রমিকেরা তাঁদের মাগুরা শহরের বাইরে বিভিন্ন রুটে যাত্রী পরিবহনে বাধা দিচ্ছেন। এক শ্রেণীর সন্ত্রাসী মালিক-শ্রমিকেরা জেলা শহর থেকে অটোরিকশায় বিভিন্ন রুটে যাত্রী পরিবহন করতে গেলে যাত্রী নামিয়ে দিচ্ছেন এবং অটোরিকশা চালকদের মারধর করছেন। ফলে তাঁরা শহরের বাইরে যেতে আগ্রহী যাত্রী বহন করতে পারছেন না। মাগুরা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইমদাদুর রহমান বলেন, ‘মোটরশ্রমিক ইউনিয়নের কোনো সদস্য অটোরিকশার চালকদের কিছু বলছে না, এ অভিযোগ মিথ্যা। তবে বাসমালিক গ্রুপের কাউন্টারম্যানরা অটোরিকশায় দূরপাল্লার যাত্রী পরিবহনের ক্ষেত্রে কিছুটা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে বলে শুনেছি।’এ প্রসঙ্গে মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় বলেন, ‘অটোরিকশা পরিবেশবান্ধব ছোট যান। এই যান চালু হওয়ার পর যাত্রীরা উপকৃত হচ্ছেন। তবে এদের পৌরসভার নিবন্ধনসহ একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আসা দরকার। পাশাপাশি সমস্যাটিকে সহানুভূতির দৃষ্টিতে দেখা উচিত।’