মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
মাগুরার শালিখা উপজেলার বলাই নাঘোষা গ্রামে আজ মঙ্গলবার সকালে ইখতিয়ার হোসেন (৪২) নামে একজন আওয়ামী লীগ সমর্থক খুন হয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষ তাঁকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় আরও কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ ও আহতরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের জাফর মোল্লার সঙ্গে সবুর মুসল্লির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এঁরা দুজনই স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দুটি পক্ষের নেতৃত্ব দেন। এদের একটি পক্ষ স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরেন শিকদারের সমর্থক এবং অপরপক্ষ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান বাচ্চুকে সমর্থন করে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে বীরেন শিকদারের সমর্থক আওয়ামী লীগ কর্মী জালাল হোসেন প্রতিপক্ষের হাতে আহত হন। ওই ঘটনায় শালিখা থানায় মামলা হয়। এ ঘটনার পর থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ সকাল নয়টার দিকে দুই পক্ষ শাবলাট-তিলখড়ি মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। এতে দুই পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। এ সময় প্রতিপক্ষ ইখতিয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করে। তিনি শফিকুজ্জামান বাচ্চুর সমর্থক। আহতদের মধ্যে ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি এবং দুজনকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। শালিখা থানার উপপরিদর্শক শেখ ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পক্ষ দুটির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি। মামলা দায়েরের পর ঘটনার সঙ্গে জড়িত থাকা চিকিত্সাধীন সবাইকে গ্রেপ্তার করা হবে।