মাগুরায় উত্ত্যক্তের অভিযোগে যুবককে ৩ মাসের কারাদণ্ড
মাগুরা শহরের নোমানি ময়দান এলাকায় একজন ছাত্রীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে স্বাধীন (২০) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।ওই ছাত্রী জানিয়েছে, স্বাধীন কয়েক মাস ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তিনি প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন।প্রত্যক্ষদর্শী ও মাগুরা সদর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, মাগুরা শহরের দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী শহরতলির নিজনান্দুয়ালি গ্রাম থেকে সকাল সাড়ে নয়টার দিকে পায়ে হেঁটে স্কুলে আসছিল। পথে নোমানি ময়দান এলাকায় প্রতিবেশী যুবক স্বাধীন তাকে উত্ত্যক্ত এবং একপর্যায়ে প্রকাশ্যে মারধর করে। এ ঘটনা দেখে কয়েকজন পথচারী স্বাধীনকে আটক করে পুলিশে দেয়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।পরে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোখলেছুর রহমান সদর থানায় যান। তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে স্বাধীনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। মাগুরায় ইভ টিজিংয়ের দায়ের কারাদণ্ডের ঘটনা এটিই প্রথম।